×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

তুরস্কে গিয়ে যে ইচ্ছা পূরণ করলেন আজহারী

২০২৬ অক্টোবর ২১ ১৪:২৪:৫১

তুরস্কে গিয়ে যে ইচ্ছা পূরণ করলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক: তুরস্ক ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি জানিয়েছেন, অনেক দিন ধরেই তুরস্ক ভ্রমণের ইচ্ছা ছিল তাঁর। এবারের সফরে পূরণ হয়েছে ছোটবেলার একটি আকাঙ্ক্ষাও।

গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লেখেন, টানা দুই সপ্তাহের দীর্ঘ সফরে তুরস্কের তিনটি ঐতিহাসিক শহর—ইস্তাম্বুল, আঙ্কারা ও বুরসা ঘুরে দেখার সুযোগ হয়েছে তাঁর। এ সফর নতুন স্মৃতির অধ্যায় রচনার পাশাপাশি অভিজ্ঞতার ভান্ডারও সমৃদ্ধ করেছে বলে জানান তিনি।

আজহারী আরও লেখেন, ছোটবেলা থেকেই ইস্তাম্বুলের তোপকাপি প্যালেস পরিদর্শনের আকাঙ্ক্ষা ছিল তাঁর। এবারের সফরে সেই শখও পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই প্যালেসের একটি জাদুঘরে রাসুলুল্লাহ (স.)-এর পবিত্র চুল ও দাড়ি মুবারক, চাদর, তরবারি, জুতা, দন্ত মোবারকের অংশ ও পায়ের ছাপসহ নবী পরিবারের ব্যবহৃত বিভিন্ন পবিত্র স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে।

পোস্টে আজহারী জানান, ১৫১৭ সালে উসমানী সুলতান প্রথম সেলিমের মাধ্যমে এবং পরবর্তী সময়ে ১৯১৭ সালে মদিনার উসমানী গভর্নর ফখরি পাশার নেতৃত্বে হিজাজ রেলওয়ের একটি বিশেষ ট্রেনে কঠোর নিরাপত্তার মধ্যে রাসুলের পবিত্র স্মৃতিচিহ্নগুলো ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে নিয়ে আসা হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত পবিত্র স্মৃতিচিহ্নগুলো এই জাদুঘরেই সংরক্ষিত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া নবীজি (স.)-এর প্রিয় সাহাবি আবু আইয়ুব আল আনসারী (রা.)-এর কবর জিয়ারতের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন আজহারী। তিনি লেখেন, ইস্তাম্বুলের আইয়ুব সুলতান মসজিদের পাশে শায়িত রয়েছেন এই সাহাবি। এবারের সফরে তাঁর কবর জিয়ারতের সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ।

বিখ্যাত এই সাহাবি তুর্কিদের কাছে আইয়ুব সুলতান নামে পরিচিত। আজহারী জানান, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর আল্লাহর রাসুল (স.) আবু আইয়ুব আল আনসারী (রা.)-এর বাড়িতেই অবস্থান করেছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ