×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

নবম পে স্কেলে বেতন নির্ধারণের কাজ শেষ

২০২৬ অক্টোবর ২১ ১৪:০০:২১

নবম পে স্কেলে বেতন নির্ধারণের কাজ শেষ

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। গত ৫ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম গতকাল মঙ্গলবার শেষ হয়। এর ফলে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে।

নতুন ঘোষিত বেতন স্কেল অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতন পাওয়ার কথা রয়েছে। তবে বকেয়া অর্থের পরিমাণ নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মচারীর গ্রেড, আগের মূল বেতন, নতুন নির্ধারিত বেতন এবং বেতন কার্যকরের সময়ের ওপর।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, জুন ২০২৬ মাসের বেতন-ভাতা উত্তোলন এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার বিল জমা না দেওয়া পর্যন্ত জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা যাবে না বলে জানানো হয়েছে। অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আইবাস প্লাস প্লাস (iBAS++) ব্যবস্থায় বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার কথা।

তবে প্রতিরক্ষা ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন দেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০২৬’ প্রকাশ করা হয়। এতে নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ রয়েছে।

এদিকে, গত ১৯ অক্টোবর অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রচলিত যেসব ভাতা মূল বেতনের শতাংশের ভিত্তিতে দেওয়া হয়, সেগুলো ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও প্রদান করতে হবে

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ