×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

‘আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে’

২০২৬ অক্টোবর ২১ ২২:২১:৩৩

‘আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে’

নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে দেশে সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ খাত থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থাপিত এই প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ কার্যালয়ের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

তিনি বলেন, এই প্রকল্পের স্থাপন ব্যয় সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে উঠে আসবে। এ উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত হবে বলে তিনি আশা করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বিবেচনায় সরকার এ খাতে নীতিগত সহায়তা দিচ্ছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি কৃষকের উৎপাদন খরচও কমবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত