×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইসির বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণের আলোচনা

২০২৬ অক্টোবর ১২ ১২:২৪:২৫

ইসির বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণের আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে এবং কীভাবে আয়োজন করা হবে, তা নির্ধারণসহ স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশনের এই সভা শুরু হয়।

নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশনের ১৩তম সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

ইসি জানিয়েছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন স্তরের নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ। পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড ছাপানো ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রগুলোর সর্বশেষ অবস্থা এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হবে। সভায় ঝুলে থাকা কার্ড ছাপানোর কাজ দ্রুত সম্পন্ন করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে। একই সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত