×

ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে: পাট প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ১০ ২২:৪৫:৪৭

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে: পাট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তবে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শরীফুল আলম বলেন, ইতিমধ্যে দুর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তাঁর আশা, আগের বছরগুলোর তুলনায় এবার আরও ভালোভাবে পূজা উদযাপন করা সম্ভব হবে।

মাদক সমস্যা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক কেবল টাঙ্গাইলের সমস্যা নয়, এটি সারা দেশের জাতীয় সমস্যা। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সবাই সচেতন ও উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত অপরাধে টাঙ্গাইলে যত মামলা হয়েছে, অন্য কোনো জেলায় এত মামলা হয়নি।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।

সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত