ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
তিন মাসের মধ্যে আইপিও অনুমোদন দেওয়ার ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক: নতুন নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের সময় কমিয়ে তিন মাসে নামিয়ে আনার কথা জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিএসইসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
মাসুদ খান বলেন, ‘দুই বছরের খরা আইপিও নিয়ে খরা বেশিদিন চলতে দেওয়া যায় না।’ দায়িত্ব নেওয়ার পর আইপিও-সংক্রান্ত নিয়মের জটিলতা দ্রুত চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নতুন আইপিও বিধিমালায় আবেদন জমা দেওয়ার পর প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। তাঁর ভাষ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও কমিশনের সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করে সময় কমানো হবে। তিনি বলেন, ‘আমাদের টাইম হচ্ছে তিন মাস। তিন মাসের মধ্যে আমরা আইপিও অনুমোদন করবই।’
পুঁজিবাজারে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) সুযোগ রাখা হচ্ছে বলেও জানান মাসুদ খান। তবে এ ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড অনেক কঠোর করা হয়েছে। তাঁর মতে, কেবল এলিট বা অত্যন্ত যোগ্য কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে।
বহুজাতিক ও বড় স্থানীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে সরাসরি তালিকাভুক্তির পাশাপাশি নতুন হাইব্রিড পদ্ধতির সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি। এ ব্যবস্থায় একটি অংশ জনগণের কাছে শেয়ার ছাড়ার মাধ্যমে এবং অন্য অংশ বিদ্যমান মালিকদের শেয়ার অফলোডের মাধ্যমে বাজারে আসতে পারবে।
পুঁজিবাজারের উন্নয়নে দায়িত্ব নেওয়ার পর কমিশনের প্রথম দিকের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ফ্লোর প্রাইস তুলে দেওয়া এ কথা উল্লেখ করেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, ২০২৩ সালে ফ্লোর প্রাইস চালুর পর আন্তর্জাতিক সূচক প্রদানকারী এমএসসিআইয়ের সূচকে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফ্লোর প্রাইস প্রত্যাহারের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজার সংস্কারের অংশ হিসেবে বেক্সিমকো-সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন মাসুদ খান। তিনি জানান, বোর্ড পুনর্গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাজারের প্রতি আস্থা পুনর্গঠনের চেষ্টা চলছে।
বিনিয়োগকারীদের সুরক্ষা ও আস্থা বাড়াতে পুঁজিবাজারে ডিজিটাইজেশনের ওপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। ব্রোকারেজ হাউসগুলোর ব্যাক-অফিস সফটওয়্যারকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে রিয়েল টাইমে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা একটি নির্দিষ্ট সময়ে ব্রোকারদের হিসাব ও ব্যাংক হিসাবে থাকা অর্থের তথ্য দেখতে পারবে।
অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু এবং ফিজিক্যাল স্লিপের পরিবর্তে স্বয়ংক্রিয় ব্যবস্থায় যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষায়, ‘পুঁজিবাজারে ডিজিটাইজেশন এখন নতুন কারেন্সি।’
বিনিয়োগকারীদের অভিযোগ ও মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, সিকিউরিটিজ আইন ও সংশ্লিষ্ট অধ্যাদেশ সমন্বয় করে প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ফলে কমিশন নিজস্ব সময়ের মধ্যে সরাসরি মামলা করার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বন্ড মার্কেটের উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানান মাসুদ খান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পর প্রায় ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে। তবে এসব বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানকে মূল বোর্ডে তালিকাভুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
বন্ড মার্কেটের উন্নয়নে স্টক মার্কেটের সঙ্গে এর কার্যকর সংযোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বন্ডের পাশাপাশি গ্রিন বন্ডসহ বিভিন্ন ধরনের বন্ডের বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান।
দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন বিএসইসি চেয়ারম্যান। পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও বীমা কোম্পানিগুলোর অর্থের একটি অংশ যাতে পুঁজিবাজারের করপোরেট বন্ড ও শেয়ারে বিনিয়োগ করা যায়, সে বিষয়ে ভবিষ্যতে নীতিগত উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিমা খাতকে দেশের পুঁজিবাজারের জন্য সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে মাসুদ খান বলেন, দীর্ঘদিন ধরে অনেকটা নিষ্ক্রিয় থাকা এ খাতকে পুঁজিবাজারে আরও সক্রিয় করতে হবে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
পুঁজিবাজারের বর্তমান আকারের তুলনামূলক চিত্র তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের বাজার মূলধন এখনও কম। তবে বাজার মূলধন বাড়াতে পারলে স্বাভাবিকভাবেই লেনদেনের পরিমাণও বাড়বে।
দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে ডেরিভেটিভস মার্কেট, ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর কার্যকারিতা পর্যালোচনা এবং ক্লিয়ারিং ও সেটেলমেন্ট ব্যবস্থার উন্নয়ন নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচি শুধু এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না কমিশন এ কথা জানিয়ে মাসুদ খান বলেন, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বাজারের আস্থা পুনর্গঠন এবং পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির