ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
মাউশির নামে ফেসবুক পেজ-গ্রুপ, ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নামে পরিচালিত অনুমোদনহীন সব ফেসবুক পেজ ও গ্রুপ আগামী ৭ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও এসব কার্যক্রম চালু থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাউশি।
রবিবার (৪ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, মাউশির একমাত্র অনুমোদিত ফেসবুক পেজ হলো ‘Directorate of Secondary and Higher Education DSHE’ (https://www.facebook.com/dshe.moebd)। বর্তমানে পেজটির ফলোয়ার ১ লাখ ১৫ হাজার। এর বাইরে মাউশির নামে পরিচালিত কোনো ফেসবুক পেজ অনুমোদিত নয়।
বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, সম্প্রতি অধিদপ্তরের নজরে এসেছে, বিভিন্ন ব্যক্তি “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর”, “মাউশি” অথবা “Directorate of Secondary and Higher Education DSHE” কিংবা এ ধরনের নাম, পরিচিতি, লোগো/প্রতীক ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব পেজ বা গ্রুপের কোনোটি মাউশি অনুমোদিত বা অধিদপ্তর পরিচালিত নয়। এগুলো পরিচালনার ক্ষেত্রে অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই এবং পূর্বানুমতিও নেওয়া হয়নি।
এসব অননুমোদিত পেজ ও গ্রুপে কোনো কোনো ক্ষেত্রে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি ও কার্যক্রম নিয়ে অনুমোদনহীন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। আবার কিছু পেজ ও গ্রুপে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও অসত্য বক্তব্যের পাশাপাশি রাষ্ট্র ও সরকার সম্পর্কেও বিভিন্ন অনভিপ্রেত বক্তব্য বা মন্তব্য প্রকাশ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি এবং দাপ্তরিক তথ্যের গ্রহণযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনাসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। এরপরও কেউ অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা কিংবা আইনবিরোধী বা আপত্তিকর কার্যক্রম চালিয়ে গেলে অতিরিক্ত কোনো সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের জন্য এটিকে ‘সর্বশেষ সতর্কতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই অননুমোদিত কার্যক্রম বন্ধ করার জন্য তাদের নির্দেশ দিয়েছে মাউশি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী