×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনী অনিয়ম দেখলেই ব্যবস্থা নিচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৩ ১৫:৫৯:৩৫

আইনশৃঙ্খলা বাহিনী অনিয়ম দেখলেই ব্যবস্থা নিচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অনিয়ম দেখতে পাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ টাঙ্গাইল আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কাজ করছে জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায় এবং সমাজ থেকে মাদক কীভাবে দূর করা যায়, সে বিষয়ে কাজ চলছে। সবাই যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের আওতায় ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে চান তাঁরা। অন্যায়ের বিরুদ্ধে সবার অবস্থান থাকবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্মিলিতভাবে কাজ করা গেলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবনের ফলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

মাদক বাংলাদেশে উৎপাদিত হয় না উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এগুলো ঢুকিয়ে দিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে কোনো তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।

তিনি বলেন, আমরাও আমাদের দিক থেকে খোঁজখবর নিচ্ছি। সামাজিকভাবে এটিকে আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এটি গড়ে তুলতে সক্ষম হব।

অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক, সরকারি পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ সদর, দেলদুয়ার, মির্জাপুর, গোপালপুর, বাসাইল ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে শওকত, মোস্তফা কামালসহ পাঁচজন দায়িত্ব পালন করেন।

কাবাডি প্রতিযোগিতা শেষ হওয়ার পর পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ