×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

২০২৬ অক্টোবর ০১ ১৬:৪৫:৫১

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীনির্ভর অবস্থা থেকে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে প্রচলিত ধারা থেকে বেরিয়ে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আইসিবির সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের পুঁজিবাজার ও আর্থিক খাত আধুনিকায়নে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে। অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার প্রতিষ্ঠা করা। সাধারণ মানুষের সঞ্চয়কে মূলধন বাজারে সম্পৃক্ত করে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য ছিল।

তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে খুচরা বিনিয়োগকারীদের ওপর নির্ভরশীল। কিন্তু বিশ্বের বেশির ভাগ দেশের বাজার মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে দেশের পুঁজিবাজারকে রিটেইলভিত্তিক কাঠামো থেকে ইনস্টিটিউশনালভিত্তিক ব্যবস্থায় নিতে আইসিবিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।

পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরের বিষয়েও গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষ্য, এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ এবং আইসিবিসহ পুরো পুঁজিবাজার ব্যবস্থাকে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের আওতায় আনার কাজ শুরু হয়েছে। ‘নো পেপার ট্রানজ্যাকশন, নাথিং পেপার’ নীতির ভিত্তিতে ভবিষ্যতে লিস্টিং আবেদন, অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষ ১৫টি বৃহৎ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে দেশে বৈশ্বিক মূলধন প্রবাহের নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে।

দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হাই স্ট্রিট ব্যাংকনির্ভরতা থেকে বেরিয়ে আন্তর্জাতিক মানের আর্থিক চর্চার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, অতীত অভিজ্ঞতা এবং চলমান পুনর্গঠনের ধারাবাহিকতায় আইসিবি একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপ নেবে।

অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথ সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ