×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএসে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ অক্টোবর ০১ ১৬:২৩:২০

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএসে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পরিচয় যে ধরনেরই হোক, বিসিএসসহ কোনো পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই পরিচয়ের কারণে বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য করা হচ্ছে কি না—এমন একটি বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি, আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান সংঘটিত করেছি। এই বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক পরিচয় যেটাই হোক, এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না।’

এ প্রসঙ্গে কয়েকটি উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেসবুকে একজন লিখেছেন যে তিনি আত্মহত্যা করবেন এবং গায়ে আগুন ধরিয়ে দেবেন। বিসিএসের প্রজ্ঞাপনে তাঁর নাম থাকলেও ভেরিফিকেশনের কারণে পরবর্তী সময়ে চূড়ান্ত তালিকায় নাম আসেনি বলে তিনি এমন কথা বলেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রজ্ঞাপন একবারই হতে হবে এমন নয়, কয়েকবারও হতে পারে। সার্ভিসে যোগদানের তারিখ সম্ভবত ১২ তারিখ। আজ ১ তারিখ হওয়ায় এর মধ্যে আরও ১১টি দিন রয়েছে। যারা উত্তেজনা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, ওই ব্যক্তিও তাঁদের একজন। তাঁর রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি বলতে চান না উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের পদ-পদবিধারী নেতা ছিলেন, সম্ভবত যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে চাকরি দেওয়া হয়নি—এমন সন্দেহ থেকেই তিনি বিষয়টি নিয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমি এখন ঘোষণা করছি, আগেও বলেছি—কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কারো প্রতি কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। কিন্তু ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে পুলিশ ভেরিফিকেশনের কারণে শতকরা একজন বা হাজারে দুই-একজন সেই অপরাধের কারণে বাদ পড়তে পারেন। কারও বিরুদ্ধে কোনো কনভিকশন থাকলে তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু আইনি বিধান কার্যকর থাকে। তা না হলে পরবর্তী সময়ে পাবলিক সার্ভিসে নিয়মিত প্রশ্ন উঠবে, যেমন অতীতে অনেক বিষয়ে প্রশ্নবিদ্ধ হতে দেখা গেছে। এ কারণে সংশ্লিষ্টদের ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।

আরেকজন রাজনৈতিক দলের নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে ‘ভেরিফিকেশনের নামে সমস্ত অপসংস্কৃতি বন্ধ করা হোক’—এ ধরনের বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া এবং সবসময়, সব সরকারের সময় বিধি অনুযায়ী তা করা হয়ে থাকে। তবে গুরুতর কোনো অভিযোগের কারণে কেউ ভেরিফিকেশনের ফলে নিয়োগপত্র না পেয়ে থাকলে মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করা যায় এবং সেটি তদন্তের সুযোগ রয়েছে। কিন্তু এখনো সেই সময় আসেনি বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে উন্মাদনা সৃষ্টির কোনো কারণ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের যেন উত্তেজিত না করা হয়। আমরা নিশ্চয়তা দিচ্ছি, রাজনৈতিক পরিচয়ে কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না।’

সালাহউদ্দিন আহমদ বলেন, নিয়োগপত্র ইস্যুর জন্য প্রজ্ঞাপন জারির আরও সময় রয়েছে। বাকি ৪৬ জনের জন্য আগামী সোমবার প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। এর আগে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং প্রজ্ঞাপনের ফাইলে রাষ্ট্রপতির সিগনেচার প্রয়োজন হয়। তাই সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সবিনয়ে অনুরোধ করেন।

মন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া একরকম শেষ হয়েছে। এ বিষয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রী, সচিব এবং ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলছেন। প্রক্রিয়াটি শেষ করতে তাঁরা কাজ করছেন, এমনকি শনিবার ছুটির দিনেও কাজ করছেন বলে জানান তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ