×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

যোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৪:১০:৪৮

যোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও সমমান পরীক্ষায় যোগ্য হওয়া সত্ত্বেও যেসব শিক্ষার্থী ফেল করেছে, তাদের খাতা দেখায় অবহেলার অভিযোগ পেয়েছে সরকার। পুনর্মূল্যায়নের পর অসংখ্য শিক্ষার্থী পাস করায় বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দায়ী শিক্ষকদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসব শিক্ষকের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিগগির এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

শিক্ষকদের বদলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনটিআরসিএতেও অনলাইনে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা অ্যাটাচমেন্টে রয়েছেন, সেসব বিষয়ও সেটেল করতে হবে। বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে। শিগগির এ প্রক্রিয়া শুরু করতে পারবো।

৮১৭ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র না পাওয়া প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, ‘আজ পর্যন্ত বাকি আছে ৮১৭ জন। পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে। অপপ্রচার দেখে আমি একটি প্রেস রিলিজ দিয়ে দিয়েছিলাম। যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’

ভেরিফিকেশন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৬৯ হাজার জনের কাছাকাছি। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া মেইনটেইন করার জন্য তারা কাজ শুরু করেন। তাদের কাছে ৩৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে। ডিপিও ইস্যু করে নিয়োগপত্র দেওয়া হয়। সে সময় ভেরিফিকেশনে অনেকের ঠিকানা পরিবর্তনের বিষয়টি সামনে আসে। পর্যায়ক্রমে তারা এসব তথ্য দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকের নিয়োগে যেসব প্রার্থীর প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাদের ভেরিফিকেশন ও তথ্য পর্যালোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার অভিযোগে শনাক্ত শিক্ষকদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত