×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১১:০৩:৩১

লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসেব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেব।

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নুরুল আমিনকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায়। তবে ওই ব্যক্তিদের কারও মুখ দেখা যায়নি। তাঁদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওর আরেকটি অংশে ওই ব্যক্তিদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, এখানে কত? জবাবে এক ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। এরপর নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার।

তবে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইলফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত