×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিকেলের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৬:২২:০৭

বিকেলের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া প্রতিকূল থাকায় বঙ্গোপসাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে বৃহস্পতিবার এলএনজি খালাসে কিছুটা বিঘ্ন ঘটেছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিটে আবার খালাসের কাজ শুরু হয়েছে এবং বিকেলের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে এবং কমে এলে দ্রুততম সময়ে দেশের বাজারে জ্বালানির দাম সমন্বয়ের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।

এর আগে হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে আর অন্য জেলায় যেতে না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়নে ভালো অগ্রগতি হয়েছে। যেসব কাজ এখনো বাকি, সেগুলোর জন্য সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত