×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রিমান্ডে দ্বিতীয় স্ত্রী মরিয়ম সম্পর্কে যা জানালেন গাজী নজরুল

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:০৬:৩২

রিমান্ডে দ্বিতীয় স্ত্রী মরিয়ম সম্পর্কে যা জানালেন গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খুব আবেগী ছিলেন এবং পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল। পুলিশকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ‘পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে অভিমান করে আত্মহত্যা করেছেন মরিয়ম।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গাজী নজরুলের বিরুদ্ধে রিমান্ড চেয়ে করা আবেদনে আদালতকে এসব তথ্য জানিয়েছে পুলিশ। আবেদনে মামলাটিকে চাঞ্চল্যকর উল্লেখ করে বলা হয়েছে, ঘটনার মূল রহস্য উদঘাটনে আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলায় এদিন গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। প্রথম দফায় চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন নতুন করে এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে শুনানি হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং বাদীর শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলায় গ্রেপ্তারের পর গত ২১ সেপ্টেম্বর মাকসুদার এক দিন এবং গাজী নজরুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। পরে ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত জুনে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। এরপর থেকে ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি। গত ২০ সেপ্টেম্বর বিকেলে গাজী নজরুল মোবাইল ফোনে মরিয়মের বাবাকে দ্রুত তাঁর বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মরিয়মকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং তাঁদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত