ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জামায়াতের ৩৪ এমপির বিদেশ সফর ঘিরে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: ১১-দলীয় ঐক্যের রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেই জামায়াতে ইসলামীর ৩৪ সংসদ সদস্যের (এমপি) বিদেশ সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলটির ৭১ সদস্যের বহর ১৭ দিনের সফরে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন ঘুরছে। এই দলে এমপিদের পরিবারের সদস্যদের পাশাপাশি জামায়াতের কয়েকজন নেতাও রয়েছেন।
জামায়াতের ভাষ্য, সফরটি কোনো আনুষ্ঠানিক দলীয় কর্মসূচি নয়। সংসদ সদস্যদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার পাশাপাশি বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জনের উদ্দেশ্যেই সফরটি আয়োজন করা হয়েছে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সফরটিকে ‘শিক্ষামূলক সফর’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ নিয়ে আলোচনারও বিশেষ কারণ নেই। তিনি বলেন, ‘এ ধরনের সফর স্বাভাবিক। অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরাও বিভিন্ন দেশে সফর করেন। জামায়াতের এমপিরা একসঙ্গে যাওয়ায় হয়তো বিষয়টি বেশি আলোচনায় এসেছে।’
তিনি আরও বলেন, ‘এটি মূলত একটি শিক্ষামূলক সফর। অভিজ্ঞতা অর্জন, বিভিন্ন দেশের বাস্তবতা দেখা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নই এর অন্যতম উদ্দেশ্য।’
জামায়াত বর্তমানে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। দলটির রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য।
জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন এই তিন বিষয়কে সামনে রেখেই মূলত সফরটি করা হচ্ছে। মালয়েশিয়ার মতো মুসলিম প্রধান দেশের পাশাপাশি সিঙ্গাপুর ও ফিলিপাইন সফরের কারণ জানতে চাইলে তিনি বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে দলের যোগাযোগ মোটামুটি ভালো। এখন মুসলিম বিশ্বের বাইরের দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিক উদ্যোগ রয়েছে জামায়াতের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও জামায়াত আমিরের বৈঠক হয়েছে।
দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তরুণ নেতৃত্ব ও ছাত্রনেতাদের ভবিষ্যতে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে পাঠানোর বিষয়টিও রয়েছে বলে জামায়াত সূত্র জানিয়েছে।
সফরকারী এমপিরা ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে অবস্থান শেষে ১৭ সেপ্টেম্বর তাঁরা সিঙ্গাপুরে যান। এরপর তাঁরা ফিলিপাইনে যান।
সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে বাহরাইনে যাত্রাবিরতি দিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁদের। ওমরাহ পালন শেষে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
মালয়েশিয়ায় অবস্থানকালে জামায়াতের এমপিদের সঙ্গে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিকবিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সাক্ষাৎ হয়। তিনি ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজের সঙ্গেও যুক্ত।
এক ফেসবুক পোস্টে মাসজলি মালিক জানান, জামায়াতের এমপিদের সঙ্গে আলোচনায় সংস্কারমুখী রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ, সংসদ সদস্যদের ভূমিকা এবং জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা ও জবাবদিহির মতো বিষয় উঠে আসে।
জামায়াতের প্রতিনিধিরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
সিঙ্গাপুরে গিয়ে জামায়াতের এমপিরা নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে একটি সিম্পোজিয়ামেও অংশ নেন তাঁরা। সিঙ্গাপুর কীভাবে বর্তমান অবস্থানে পৌঁছেছে, দেশটির উন্নয়ন প্রক্রিয়া এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এরপর ফিলিপাইনে যাওয়া প্রতিনিধিদলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
সফরটি ব্যক্তিগত ও শিক্ষামূলক হলেও এর মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক যোগাযোগ তৈরির সুযোগও হচ্ছে। তবে জামায়াত এটিকে আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবে ঘোষণা করেনি। দলের নেতারা বলছেন, বিভিন্ন দেশের রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ হলেও তা মূলত পরিচিতি, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ।
জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলীয় পরিকল্পনা অনুযায়ী এর আগেও দলের অনেক সদস্য বিদেশে গেছেন। বর্তমান সফরও তারই ধারাবাহিকতা। জামায়াত আমিরের অনুমতি নিয়েই সংসদ সদস্যরা বিদেশে গেছেন।
দলীয় সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতের যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি সংসদ সদস্যদের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বর্তমান সফরকে সেই বৃহত্তর পরিকল্পনার একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে শুধু এমপি নয়, দলের তরুণ নেতৃত্ব ও ছাত্রসংগঠনের নেতাদেরও বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া সেল জানিয়েছে, বিদেশ সফর দলের চলমান কর্মসূচিরই অংশ। এর আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিদেশ সফর করেছেন। এবার বিশেষভাবে সংসদ সদস্যদের জন্য এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।
জামায়াতের ভাষ্য অনুযায়ী, ৩৪ এমপির বর্তমান সফরকে কয়েকটি দেশ ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো এবং নতুন সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিস্তারের একটি পরিকল্পিত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী