×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

আরেক ইতিহাসের হাতছানি মেসির সামনে

২০২৬ সেপ্টেম্বর ২১ ২০:১৪:৫৮

আরেক ইতিহাসের হাতছানি মেসির সামনে

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে আবারও ফ্রি-কিক থেকে গোল করে আলোচনায় লিওনেল মেসি। সান দিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে আর্জেন্টাইন তারকার এই গোল তাকে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের ঐতিহাসিক রেকর্ডের আরও কাছে নিয়ে গেছে।

ম্যাচের ২৪তম মিনিটে বক্সের অর্ধচন্দ্রের কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক নেন মেসি। বাঁ-পায়ের নিখুঁত শটে মাটিতে বাউন্স করা বল পোস্টে লেগে জড়িয়ে যায় জালে।

এই গোলের পর মেসির ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩০-এ। এর মধ্যে ফ্রি-কিক থেকে তাঁর গোল ৭৫টি। এই সংখ্যা দিয়ে তিনি ব্রাজিলের জাইর রোসা পিন্তোকে পেছনে ফেলেছেন।

ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন ব্রাজিলের মার্সেলিনহো কারিওকার। তাঁর গোল ৭৮টি। ফলে এই রেকর্ড স্পর্শ করতে মেসির আরও তিনটি গোল প্রয়োজন। আর চারটি গোল করতে পারলে এককভাবে রেকর্ডটির শীর্ষে উঠে যাবেন তিনি।

ফ্রি-কিকের গোলের তালিকায় মেসির পরেই রয়েছেন রবার্তো দিনামিতে, ৭৩টি নিয়ে। এরপর জুনিনহো পারনামবুকানো ৭২, মার্কোস আসুনসাও ৬৮ এবং সিনিসা মিহাইলোভিচ ৬৭টি গোল করেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে গোলের সংখ্যা ৬৪টি।

জাতীয় দল থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন মেসি। তবে আর্জেন্টিনার হয়ে তাঁর আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন তিনি।

ক্লাব ফুটবলে অবশ্য মেসির পথচলা অব্যাহত রয়েছে। মায়ামির সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকবেন আর্জেন্টাইন এই তারকা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত