×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কোহলির রেকর্ড গড়া ইনিংসে নিউজিল্যান্ডকে হারাল ভারত

২০২৬ নভেম্বর ০৪ ১৭:৪৮:২৫

কোহলির রেকর্ড গড়া ইনিংসে নিউজিল্যান্ডকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক: আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর ব্যাট হাতে ঝড় তুলে ভারতের জয় সহজ করে দেন বিরাট কোহলি। তাঁর রেকর্ড গড়া ইনিংসে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত।

ইডেন পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে ১৮৫ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ভারতের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। জবাবে ২২.৪ ওভারেই ৫ উইকেট ও ৫৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই কোনো রান না করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তবে দ্বিতীয় উইকেটে শুবমান গিলকে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। দুজনের ১০৪ বলে ১১৩ রানের জুটি ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। ওয়ানডেতে ২৭ ইনিংসে এই জুটি ষষ্ঠবারের মতো শতরানের জুটি গড়েছে। গিল ৫৬ বলে ৩৭ রান করে আউট হন।

অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান কোহলি। মাত্র ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম অর্ধশতক। দেশের বাইরে এটি তাঁর দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। এই ম্যাচে আরও দুটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েছেন ভারতীয় এই তারকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌড়ে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের পাশে বসেছেন কোহলি। দুজনের রানই এখন ১ হাজার ৯৭১।

এ ছাড়া বিদেশের মাটিতে ওয়ানডেতে রান তাড়ার ক্ষেত্রে শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন কোহলি। এ ক্ষেত্রে তাঁর সংগ্রহ ৬৬.২১ গড়ে ৮ হাজার ৭৪১ রান। অন্যদিকে শচীনের সংগ্রহ ৪২.৩৩ গড়ে ৮ হাজার ৭২০ রান। কোহলি ফেরার পর শ্রেয়াস আইয়ার ১৫ রান করে আউট হলেও জয় পেতে বেগ পেতে হয়নি ভারতকে।

এর আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন টিম সেইফার্ট। এ ছাড়া ব্লেয়ার টিকনার ৩৪, গ্লেন ফিলিপস ৩০ এবং ড্যারিল মিচেল ২৮ রান করেন।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আর্শদীপ সিং। ১০ ওভারে ৭০ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। গুরানুর ব্রার শিকার করেন তিনটি উইকেট। এ ছাড়া আনশুল কম্বোজ নেন দুটি উইকেট।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনে মুখোমুখি হবে দুই দল।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান... বিস্তারিত