×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গায়েবানা জানাজা ঘিরে গাজীপুরে এনসিপির নেতাকর্মীদের ধাওয়া

২০২৬ নভেম্বর ০৪ ১৬:২১:০৬

গায়েবানা জানাজা ঘিরে গাজীপুরে এনসিপির নেতাকর্মীদের ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা পড়তে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন এনসিপির নেতা আলী নাসের খান।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে চান্দনা চৌরাস্তা মোড়ে আসেন আলী নাসের খান। সেখানে গায়েবানা জানাজার ব্যানার নিয়ে তাঁরা বক্তব্য শুরু করেন। এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেওয়ার পর আলী নাসের খান বক্তব্য দেন। তাঁর বক্তব্য শেষে গায়েবানা জানাজা না পড়ে মোনাজাত শুরু করেন তিনি।

একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তাঁরা পোশাকশ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছেন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলী নাসের খান দাবি করেন, পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি এবং এনসিপির গাজীপুর জেলা কমিটির নেতাসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ জানান, এনসিপির নেতারা গাজীপুর চৌরাস্তার মূল সড়কে জানাজার আয়োজন করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পাশের কোনো মসজিদ, ঈদগাহ মাঠ অথবা খেলার মাঠে জানাজা পড়ার জন্য বলা হয়। কিন্তু তাঁরা তা শোনেননি। পরে বাধ্য হয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি বলে দাবি করেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত