×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃ’ত্যু

২০২৬ নভেম্বর ০৪ ০৮:৪৬:০৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে হামলায় আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার প্রয়োজনে গাজীপুরে গিয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার (২ নভেম্বর) শ্রমিক আন্দোলনের সময় হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাঁকে। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

তৌফিকের চাচা বাচ্চু মিয়া জানান, প্রায় পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় থাকতেন তৌফিক। বাবার মৃত্যুর পর এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেন তিনি।

তাঁর স্কুলশিক্ষক প্রদীপ কুমার বলেন, পরিবারের অভাব ঘোচাতে বাবার মৃত্যুর পর ঢাকায় গিয়েছিলেন তৌফিক। হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর সংবাদ পান তাঁরা।

এদিকে, মৃত্যুর খবর পেয়ে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন ভিডিও কলে তৌফিকের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি শোক প্রকাশের পাশাপাশি দাফনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

তরুণ তৌফিকের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহপাঠী ও সহকর্মীদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত