ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
নারী ক্রিকেটারদের জন্য
বিসিবির অভিযোগ গ্রহণ কমিটির প্রধান রাশনা ইমাম
স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও অন্যান্য ধরনের হেনস্তার অভিযোগ গ্রহণে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে। কমিটিতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি।
কমিটির সদস্যরা সবাই নারী। তাঁরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। নাম চূড়ান্ত হওয়া সাপেক্ষে একজন সাবেক নারী ক্রিকেটারকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। সে সময় তিনি নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেন।
জাতীয় দল থেকে শুরু করে যেকোনো পর্যায়ের নারী ক্রিকেটার যৌন হয়রানি বা অন্য কোনো ধরনের হেনস্তার শিকার হলে যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করবে কমিটি। এসব কথা জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেটের প্রধান রফিকুল ইসলাম বাবু।
রফিকুল ইসলাম বলেন, ‘আগে তো অভিযোগই করতে পারত না। ৫ আগস্টের পর থেকে মুখ খোলা শুরু হয়েছে। এখন আমরা অভিযোগ গ্রহণ কমিটি করেছি। যে কোনো মেয়ে, যে কোনো পর্যায়ে খেলে, যদি কোনো হেনস্তার শিকার হয়, তাহলে তারা এখানে অভিযোগ করতে পারবে। কমিটি সেটা ইনভেস্টিগেট করবে।’
অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রফিকুল। তিনি বলেন, ‘যদি সত্যতা পাই, এমনিতেই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তাকে বাদ দেওয়া হবে। তদন্ত ও অনুসন্ধান কমিটির পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এর আগে টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।
তবে রফিকুলের দাবি, অতীতের সব অভিযোগ লিখিতভাবে জমা পড়েনি। তিনি বলেন, ‘আগের যে ঘটনা, সেগুলোর অনেক কিছু সামনে আসেনি। যেটা এসেছে, সেটা অনেকদিন আগের। এখন ওই আগের ঘটনা তো কোনো লিখিত আকারে অভিযোগ আসেনি। লিখিত আকারে আসলে তখন ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগও আসেনি এবং কোনো ব্যবস্থাও আগের বোর্ড নেয়নি।’
নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আগের স্বাধীন তদন্ত কমিটিগুলোর সুপারিশও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান নারী ক্রিকেটের প্রধান। তাঁর ভাষ্য, ‘এর আগে যাদের নিয়ে স্বাধীন তদন্ত কমিটি হয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী এই অভিযোগ গ্রহণ বা অনুসন্ধান কমিটি করেছি। এছাড়া অনেক সময় অনেক অভিযোগ আছে, যা সবসময় প্রকাশ করা যায় না।’
বিসিবির বিশ্বাস, স্বাধীন এই কমিটির মাধ্যমে নারী ক্রিকেটারদের অভিযোগ জানানোর ক্ষেত্রে ভয় ও দ্বিধা কমবে। রফিকুল বলেন, ‘আমরা যে পদক্ষেপ নিয়েছি, এর কারণেই এখন এসব যৌন হয়রানির ঘটনা অনেক কমে যাবে। মেয়েরা হেনস্তার শিকার হলে সঙ্গে সঙ্গে বলতে পারবে। তাদের সুরক্ষার দায়িত্ব বিসিবির।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু