×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বিসিবির বোর্ড সভায় এলো ৭ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ২০ ২১:০৮:৪৮

বিসিবির বোর্ড সভায় এলো ৭ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে বড় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। জুম মিটিংয়ে অনুষ্ঠিত সভায় ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম তৈরি এবং বিসিবির একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে।

সভায় তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় এনে ছয় দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়। প্রস্তাবিত এই কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি থাকবে।

প্রতিটি দলের মালিকানাস্বত্ব বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ২০২৬ সালের ডিসেম্বরে শুরু করার কথা রয়েছে।

সভায় পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। তিন দিনের ম্যাচে খেলোয়াড়দের ম্যাচ ফি ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।

ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ম্যাচ আয়োজনের জন্য মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে নতুন দুটি ড্রেসিংরুম ব্যবহার করা হবে। আর বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের কাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য পরামর্শক নিয়োগের অনুমোদনও দিয়েছে বিসিবি। সভায় পূর্বাচলের মাঠ নিয়েও আলোচনা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত