×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

মা হতে যাচ্ছে মৌসুমী 

২০২৬ সেপ্টেম্বর ১৫ ২১:২৯:২৯

মা হতে যাচ্ছে মৌসুমী 

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এখন মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হওয়ার কথা রয়েছে তাঁর। জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশের আগে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

মৌসুমী হামিদের মা হওয়ার খবর ঘিরে কাছের মানুষ ও সহকর্মীদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস চলছে। এরই মধ্যে ঘরোয়া আয়োজনে তাঁর বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছে। অনেকটা ঘরোয়া গেট টুগেদারের আদলে আয়োজিত এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মৌসুমী হামিদ।

নিজের বাসার ছাদে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে গল্প-আড্ডা ও আনন্দে সময় কাটান হবু মা মৌসুমী হামিদ। তাঁর সহকর্মীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে।

বেবি শাওয়ারের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে মৌসুমী হামিদের দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল। বিভিন্ন বিষয়ে দুজনের মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

বেবি শাওয়ারের আয়োজন প্রসঙ্গে মৌসুমী বলেন, তাঁর মা হওয়ার আনন্দ ভাগ করে নিতে বন্ধুরাই স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এ কারণে অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয় জানিয়ে তিনি বলেন, আয়োজনের তালিকায় মাছ, ভাতসহ নানা ধরনের খাবার ছিল।

চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এরপর থেকেই তাঁর মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সেই আনন্দেরই অংশ হিসেবে এবার আয়োজন করা হলো বেবি শাওয়ারের।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত