×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্রের আদালত

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১১:২১:৩৫

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্রের আদালত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারক এফ. ডেনিস সেইলর চতুর্থ। সোমবার স্থানীয় সময় দেওয়া এক রায়ে তিনি প্রশাসনের নতুন নিয়ম স্থগিত করেন। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কমার সুযোগ তৈরি হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থী, গবেষক, অধ্যাপক ও অন্যান্য শিক্ষাবিদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় সর্বোচ্চ চার বছরে সীমিত করার কথা ছিল। আগের নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। নতুন বিধান কার্যকর হলে সেই সুযোগ সীমিত হয়ে যেত। এতে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৫০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

নিয়মটি কার্যকর হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন পিএইচডি শিক্ষার্থীরা। একই পর্যায়ে দ্বিতীয় কোনো ডিগ্রি নেওয়া, বিষয় পরিবর্তন করা কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি হওয়ার সুযোগও সীমিত হয়ে যেত।

এ ছাড়া বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ ২৪০ দিনে সীমিত করার পরিকল্পনা ছিল। শিক্ষার্থী ও সাংবাদিকরা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারতেন। তবে আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের হাতে। আবেদন প্রত্যাখ্যান হলে আপিলের সুযোগও থাকত না।

আদালত বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার বিধানটিও বাতিল করেছেন।

৪৮ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, নতুন নিয়মের পক্ষে ট্রাম্প প্রশাসন যে যুক্তি দিয়েছে, তা মূলত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার ওপর নির্ভরশীল। শিক্ষার্থী পরিচয়ে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণও পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

বিচারক আরও বলেন, নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা ও অর্থনীতির জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে নিরুৎসাহিত হতে পারেন।

জাতীয় নিরাপত্তার স্বার্থে চার বছরের সীমা প্রয়োজন ট্রাম্প প্রশাসনের এমন যুক্তিরও কঠোর সমালোচনা করেছেন বিচারক। তাঁর মতে, চার বছরের এই সময়সীমা কীভাবে ভিসা জালিয়াতি ঠেকাতে সহায়তা করবে, সে বিষয়ে কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দেননি।

বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও নতুন নিয়মের পক্ষে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যথেষ্ট জোরালো যুক্তি দেখাতে পারেনি বলে রায়ে উল্লেখ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা, জালিয়াতি কিংবা নিয়মের অপব্যবহার নিয়ে কোনো প্রমাণ বা সুস্পষ্ট ব্যাখ্যাও তারা দিতে পারেনি।

এদিকে আদালতের এ রায়ের বিরুদ্ধে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আপিল করবে কি না, তা এখনো স্পষ্ট করেনি। তবে এক বিবৃতিতে বিভাগটি বলেছে, প্রকৃত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে গণমাধ্যম সত্যিই উদ্বিগ্ন হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাত। তাদের দাবি, ট্রাম্পের নেওয়া পদক্ষেপের মাধ্যমে ব্যাপক জালিয়াতি ঠেকানো সম্ভব হবে এবং প্রকৃত শিক্ষার্থীরাই যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পাবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত