×

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ছাত্রদলের চার পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৫:০৯:২৪

ছাত্রদলের চার পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের চারটি পুস্তিকা ও একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এবং ছাত্র রাজনীতি করবে।

তিনি বলেন, ‘এই যে স্টুডেন্ট এক্টিভিজম হচ্ছে, এটাই হলো তার প্রাণশক্তি।’ এভাবেই বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট এক্টিভিজম গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। উন্নত দেশ হোক কিংবা অনুন্নত প্রত্যেক দেশেই শিক্ষা-সংক্রান্ত সংকটকে দাবি হিসেবে কর্মসূচির অন্তর্ভুক্ত করে ছাত্ররা যখন ক্যাম্পাসে অথবা ক্যাম্পাসের বাইরে বেরিয়ে এসেছে, তখনই ছাত্র রাজনীতি বিকশিত হয়েছে বলে জানান রিজভী।

রিজভী বলেন, ছাত্রদলেরও একটি অতীত ঐতিহ্য ও গৌরব তৈরি হয়েছে। এই ছাত্রদলের নেতৃত্বে এরশাদের মতো একটি ভয়ঙ্কর একনায়কতন্ত্রের পতন হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তাঁর প্রেরণায় গণতন্ত্রের সংগ্রাম বিজয়ী হয়েছে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্রদের ভোট ও সমর্থন নিয়ে পূর্ণ প্যানেলে অথবা অল্প কিছু পদ ছাড়া বিজয়ী হয়েছে।

তিনি বলেন, ‘সবচেয়ে মজার ব্যাপার মেধাবীদের যে প্রতিষ্ঠানগুলো ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ তখন যে কয়টি ছিল প্রত্যেকটাতেই জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে।’ তাঁর ভাষ্য, বেগম খালেদা জিয়ার সাহসী ও বীরোচিত রাজনৈতিক নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি তাঁর কমিটমেন্ট এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন এত সত্য, অমর ও বাস্তব ছিল যে সাধারণ ছাত্ররা তা গ্রহণ করেছিল।

রিজভী বলেন, জিয়াউর রহমানের এই জাতীয়তাবাদী দর্শনই সত্য। এসব আদর্শ ও দর্শন ধারণ করেই জাতীয়তাবাদী ছাত্রদল পথচলা শুরু করে এগিয়ে গেছে এবং আজকের অবস্থানে উপনীত হয়েছে।

পরিস্থিতি যাই হোক না কেন, জাতীয়তাবাদী ছাত্রদল সেই আদর্শের ভিত্তিতে আবার এগোবে, আবার এগিয়ে যাবে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, তারা যে সত্য ও রাজনৈতিক দর্শন ধারণ করে, তা জনগণের কাছে অত্যন্ত সমাদৃত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত