ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
সরকার হাসিনার পথেই হাঁটছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি এবং দলীয়করণের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার বিগত হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে। সরকার গণভোটের রায় অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে এই সরকারের পরিণতিও হাসিনার মতো হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপকভাবে বেড়েছে। বিগত নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন অনুষ্ঠিত হলেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে সমস্যার সমাধান তো হয়ইনি, বরং তা দ্বিগুণ হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে। শিক্ষাঙ্গনে আগের মতোই দলীয়করণ চলছে। লুটতরাজের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভাগ বসানো হচ্ছে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা গেছে। এ অবস্থায় দেশের মানুষ জামায়াতে ইসলামীকেই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল মনে করে।
রুকনদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্যে জামায়াতের আমির বলেন, সুরা ও কালাম বুকে ধারণ করে খাঁটি ইসলামি চেতনায় এগিয়ে যেতে হবে। নিজের নফস, পরিবার ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে। শুধু তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও উত্তম আচরণে আকৃষ্ট হয়ে বিদায় হজে লক্ষাধিক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। রাসুল (সা.) তাঁর আমল ও নৈতিকতার শক্তি দিয়ে মদিনাসহ সারা বিশ্ব জয় করেছিলেন। সমাজে সুদের কোনো স্থান নেই; সর্বাবস্থায় সুদ হারাম।
গাজীপুরকে গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জান-মাল দিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার পরিচালিত হলেও দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন দল বিএনপির পছন্দের লোকজন দায়িত্ব পালন করছেন। ফলে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা চলছে—একটি জনগণের ভোটাধিকারের নামে, অন্যটি বিএনপির একক পছন্দে।
তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের পছন্দের লোক বসিয়ে সিন্ডিকেট গড়ে স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও করপোরেশনে লুটপাটের রাজত্ব কায়েম করছে। এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের আশায় দেশ ও জাতি আজ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে।
ডা. শফিকুর রহমান বলেন, শত বাধা-বিপত্তি পেরিয়ে হলেও দেশে আল-কুরআনের শাসন কায়েম করা হবে, ইনশাআল্লাহ।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানি, সাবেক জেলা আমির আবুল হাশেম খান, জেলা আমির ড. জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমির খায়রুল হাসান, সেক্রেটারি আ স ম ফারুক এবং জেলা মহিলা সেক্রেটারি আমেনা বেগমসহ স্থানীয় নেতারা।
সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট