ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ডিএসসিসি এলাকায় ১৯ ভবন নির্মাণের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৯টি ভবন নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের শিক্ষিত বেকার সন্তানদের কর্মসংস্থান এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে দুর্গাপূজা উপলক্ষে তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যাতে সমাজে মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন এবং অন্যদের মতো সমান অধিকার ভোগ করেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করছে। তাঁদের আবাসন সংকট দূর করতে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিত করাকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
অনুষ্ঠানে মীর শাহে আলম জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রদায় দুটির স্থানীয় দুটি মন্দিরেও বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দয়াগঞ্জে দুটি নতুন ভবন নির্মাণের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। কোনো পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন চার লাখ টাকা অনুদানও দেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতা এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ