ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
‘রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে’
নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য গড়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি দাবি করেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ বাড়তে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনের একটি কেবিনে কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হক।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত-শিবিরের ওপর নিষেধাজ্ঞা ছিল, যা পরে অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করে। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নতুন করে বিবেচনা করতে হবে। প্রয়োজন হলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠন নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
নুরুল হকের দাবি, এসব সংগঠন নিষিদ্ধ না হলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। তিনি আরও বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আল-কায়েদার বাংলাদেশকে লক্ষ্যবস্তু করার আশঙ্কার কথা বলা হয়েছে এবং জামায়াত-শিবিরের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে বলে তিনি মনে করেন।
জামায়াত-শিবিরকে নিয়ে সমালোচনা করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তারা নিপীড়িত অবস্থায় থাকলেও গত ছয় মাসে তাদের কর্মকাণ্ডে পরিবর্তন এসেছে। তার ভাষ্য, এখন থেকেই এ গোষ্ঠীকে প্রতিরোধ ও প্রতিহত করা প্রয়োজন; অন্যথায় তারা দ্রুত বিস্তার লাভ করতে পারে।
আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরকে একই ধরনের ‘ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ করে নুরুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে। অন্যদিকে জামায়াত-শিবির ক্ষমতায় না থেকেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অতীতের বিতর্কিত ইতিহাস সামনে এনেছে বলে তিনি দাবি করেন।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি। নুরুল হক বলেন, জামায়াতে ইসলামী সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সরকারের বিভিন্ন বিষয়ে বিরক্তিকর বক্তব্য দিতে শুরু করেছে।
এ সময় তিনি সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে রুমিন ফারহানা, ফারজানা পুতুলসহ কয়েকজন নারী সংসদ সদস্যকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ করেন। একই সঙ্গে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ তোলেন তিনি। নুরুল হকের দাবি, আমির হামজার এসব বক্তব্যকে জামায়াত সমর্থন করছে।
সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নুরুল হক বলেন, এসব ঘটনার পরও জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে দলটির নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নুরুল হক এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু