ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

সংসদ উপনেতার পদে এবারও কি শূন্যতা?

২০২৬ আগস্ট ১৫ ১৬:৪৯:৫৬

সংসদ উপনেতার পদে এবারও কি শূন্যতা?

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তাঁকে ঘিরে রাষ্ট্রীয় পর্যায়ে নতুন দায়িত্বের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বঙ্গভবনে যাওয়ার প্রেক্ষাপটে জাতীয় সংসদে তাঁর আসন যেমন আলোচনায় এসেছে, তেমনি নতুন করে সামনে এসেছে সরকারি দলের উপনেতার পদটি। বিএনপি এখনো এ পদে কাউকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। ফলে প্রশ্ন উঠেছে, মির্জা ফখরুল বঙ্গভবনে যাওয়ার পর সংসদ উপনেতার পদে নতুন কাউকে বসানো হবে, নাকি বিএনপি সরকারের অতীতের নজির অনুসরণ করে এবারও পদটি শূন্য রাখা হবে?

সংসদীয় রীতিনীতি অনুযায়ী, উপনেতা সাধারণত সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পাশের আসনে বসেন। বর্তমানে সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরের আসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার পরবর্তী আসনটি সালাহউদ্দিন আহমদের। এখন যাকেই উপনেতা করা হোক, তিনিই প্রধানমন্ত্রীর পাশে বসবেন।

বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তিনি রাষ্ট্রপতি পদে অন্যতম দাবিদার ছিলেন। সংসদ উপনেতার পদেও প্রবীণ হিসেবে বিবেচিত ছিলেন তিনি। তবে এখন কাকে উপনেতা করা হবে, সে বিষয়টি নিশ্চিত নয়। নতুন কাউকে উপনেতা করা হলে সংসদের আসনের পুনর্বিন্যাস করতে হবে। তবে বিএনপির ইতিহাসে অতীতে অভ্যন্তরীণ প্রতিযোগিতার কারণে উপনেতা পদটি ফাঁকা রাখার নজির রয়েছে।

১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে সংসদ উপনেতা নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে দলের সিনিয়র নেতাদের মধ্যে প্রতিযোগিতার কারণে অষ্টম সংসদে আর কাউকে সংসদ উপনেতা করা হয়নি। ওই সময় বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এবং দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এম সাইফুর রহমান ও ড. খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে প্রতিযোগিতা থাকায় এ পদটি শেষ পর্যন্ত খালিই ছিল।

আবার ২০০৮ সালের নবম সংসদে বিএনপি বিরোধী দলে গেলে ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম আলোচনায় এলেও কাউকেই বিরোধীদলীয় উপনেতা করা হয়নি। ফলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে যাওয়ার পর এবার সংসদ উপনেতার পদটি ফাঁকা রাখা হবে, নাকি নতুন কাউকে বসানো হবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে ১৬ আগস্ট। অন্যদিকে, ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন ২০ অথবা ২১ আগস্ট।

দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই বর্তমান মন্ত্রিসভা পুনর্গঠন করা হতে পারে। এ নিয়ে বর্তমানে বিএনপির সর্বস্তরে আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে আগ্রহীদের মধ্যে যেমন অস্থিরতা তৈরি হয়েছে, তেমনি বাদ পড়ার আশঙ্কায় থাকা মন্ত্রীদের মধ্যেও অস্থিরতা ছড়িয়েছে। উভয় পক্ষই প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রভাবশালী কর্মকর্তাদের পাশাপাশি সিনিয়র মন্ত্রী ও নেতাদের কাছে দৌড়ঝাঁপ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। আগ্রহীরা তদবির করছেন মন্ত্রিসভায় স্থান পেতে; আর বাদ পড়ার আশঙ্কায় থাকা মন্ত্রীরা চেষ্টা চালাচ্ছেন টিকে থাকতে।

তবে এমন পরিস্থিতির মধ্যেই বিএনপির মিত্র দলের সংসদ সদস্য বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে। এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ড. আসাদুজ্জামান রিপন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত