ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
২০ ছাত্রীর আপত্তিকর ছবি তুলে প্রেমিককে পাঠালেন শিক্ষার্থী, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ডুয়া ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ আবাসিক হলের অন্তত ২০ জন শিক্ষার্থীর গোপন ও আপত্তিকর ছবি তুলে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবকের কাছে পাঠানোর অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে একাধিক প্রেমঘটিত সম্পর্ক ও আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট হলের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোবাউল জান্নাতী ঐশীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী ঐশীর সঙ্গে তাঁর বাল্যবন্ধু ও যুক্তরাজ্যপ্রবাসী নাফিজ ফুয়াদ আবিদের দীর্ঘদিনের পরিচয়। সম্প্রতি আবিদকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐশী তাঁর কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে ঐশী ক্যাম্পাসে আইসিটি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুস্তাকিম পিয়াস এবং বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাহিন মুইনের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়ান।
চলতি বছরের মে মাসে আবিদ ১০ দিনের ছুটিতে দেশে এলে ঐশী তাঁকে ক্যাম্পাসের সাদ্দাম হোসেন হলে তাঁর অপর প্রেমিক মুইনের মাধ্যমে থাকার ব্যবস্থা করে দেন। তবে আবিদ বিয়ের জন্য চাপ দিলে ঐশী অস্বীকৃতি জানান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে ঐশীর বান্ধবী ও রুমমেটদের সঙ্গে আবিদ যোগাযোগ করলে ঐশী আবিদকে চেনেন না বলে দাবি করেন। এই প্রেক্ষাপটে আবিদ প্রমাণ হিসেবে ঐশীর পাঠানো তাঁর রুমমেট ও বান্ধবীদের ব্যক্তিগত মুহূর্তের আপত্তিকর ছবিগুলো ভুক্তভোগীদের কাছে পাঠিয়ে দেন। এতেই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ঐশী তাঁদের অজান্তেই ঘুমন্ত অবস্থার, টি-শার্ট পরা কিংবা ওড়না ছাড়া অবস্থার ছবি গোপনে ধারণ করতেন। এমনকি যারা পর্দা মেনে চলেন, তাঁদেরও পর্দার আড়ালের ছবি সংগ্রহ করে তিনি আবিদকে পাঠাতেন। ভুক্তভোগীদের দাবি, একাধিক সম্পর্কের জটিলতা ও আর্থিক সুবিধা বজায় রাখতেই ঐশী এই জঘন্য কাজ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বিষয়টি জানাজানি হলে হলের ভেতরে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীরা দোষী শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিগুলো স্থায়ীভাবে মুছে ফেলার দাবি জানিয়েছেন।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে নিজের ভুল স্বীকার করেছেন অভিযুক্ত ঐশী। তিনি বলেন, “আমি আমার অপরাধ স্বীকার করছি। তবে কাউকে ব্ল্যাকমেইল বা মানহানির উদ্দেশ্যে আমি এটি করিনি। আবিদকে পরিস্থিতি বোঝাতে গিয়ে ছবিগুলো পাঠিয়েছিলাম। আমি এখন পরিস্থিতির শিকার।” নিজের একাডেমিক ক্যারিয়ারের দোহাই দিয়ে তিনি আরও বলেন, “আমার সিজিপিএ ৩.৭৫। হলের সিট বাতিল হলেও আমার ছাত্রত্ব যেন কেড়ে নেওয়া না হয়, অন্যথায় আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।”
যুক্তরাজ্যপ্রবাসী নাফিজ ফুয়াদ আবিদ মুঠোফোনে জানান, ঐশী কেবল তাকেই নয়, আরও অনেককে ঠকিয়েছেন। তিনি বলেন, “ঐশী নিজ থেকেই ছবিগুলো পাঠাত এবং এতে সে বিকৃত আনন্দ পেত। সে বিয়ের কথা বলে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে।”
এদিকে আইসিটি বিভাগের মুস্তাকিম পিয়াস তাঁর বিরুদ্ধে ওঠা সম্পর্কের অভিযোগ অস্বীকার করে বলেন, “ঐশী আমার পরিচিত ছিল, আমি তাঁকে ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দিতাম। এর বাইরে কোনো প্রেমের সম্পর্ক নেই।” অন্য অভিযুক্ত মাহিন মুইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার পর শুক্রবার সকালে হল কর্তৃপক্ষ, প্রক্টরিয়াল বডি ও সাংবাদিকদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা তাঁকে তাঁর বাবার জিম্মায় পাঠিয়েছি।”
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার জানান, জব্দকৃত ফোন দুটি থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, “ছবিগুলো অত্যন্ত আপত্তিকর এবং প্রচারযোগ্য নয়। আমরা নির্ধারিত ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “বিষয়টি উপাচার্য মহোদয়কে অবহিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ