ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

২০২৬ আগস্ট ০৫ ১৫:২৩:৫৩

ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলা, ক্যাম্পাস দখলের চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, এ ধরনের ঘটনা বন্ধ না হলে ছাত্রজনতা রাজপথে থেকেই এর প্রতিরোধ গড়ে তুলবে।

বুধবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ছাত্র গণজমায়েতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে কর্মসূচি শেষ করেন। ৫ আগস্টের গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও শিক্ষাঙ্গনে নতুন করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের নামে বিভিন্ন ক্যাম্পাসে যাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, তাদের অনেকেই প্রকৃত ছাত্র নন; বরং বহিরাগত ও দীর্ঘদিন আগে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিরা এসব কমিটিতে স্থান পেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা হয়েছে। এমনকি রাতে ঘুমন্ত শিক্ষার্থী ও সাধারণ ছাত্রদের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সরকারের উদ্দেশে ছাত্রশিবির সভাপতি বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে। অন্যথায় ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি সন্ত্রাসীর লাগাম টেনে ধরা হবে। তিনি আরও বলেন, ছাত্রদলকে নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে।

তিনি অভিযোগ করেন, হামলার বিষয়ে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার অবহিত করা হলেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

ক্যাম্পাসে হল দখল, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখতে তারা বদ্ধপরিকর। তবে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তপাত হলে তার দায় সরকারকেই নিতে হবে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বিএনপির কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ক্যাম্পাস দখল করে পুনরায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্রসংসদ নির্বাচনে নিজেদের আদর্শ ও চরিত্রের ভিত্তিতে ছাত্রসমাজের সমর্থন পেয়েছে। রাজনৈতিক ও আদর্শিক পরাজয় মোকাবিলায় ব্যর্থ হয়েই ছাত্রদল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের উদ্দেশে এ বিষয়ে বক্তব্য দেন।

সমাবেশে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম এমপি বলেন, গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল। তবে সংগঠনটি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরোধের মূল কারণ মেধাভিত্তিক পরিবেশ নয়; বরং টেন্ডারবাজি ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হল বা আসন দখল করতে দেওয়া হবে না।

তিনি তারেক রহমানের প্রতি ছাত্রদলকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলকে সামলানো না গেলে তা বিএনপির জন্যও নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত এ গণজমায়েতে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম প্রকাশ করা হয়েছে। ক্যারেটভেদে স্বর্ণ ও রুপার দামে পার্থক্য রয়েছে। আজকের স্বর্ণের... বিস্তারিত