ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রীর সিল-সই জাল করে তদবির বাণিজ্য, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জাল করে দীর্ঘদিন ধরে তদবির বাণিজ্য ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি প্রধানমন্ত্রীর ‘প্রায়োরিটি’ সিল নকল করার পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর খুলে সরকারি কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তারেরও চেষ্টা করেছে বলে দাবি করেছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৩), মীর তৌহিদুল ইসলাম (৩৬) এবং মো. বকুল মণ্ডল (৪৩)। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
ডিবি প্রধান বলেন, চক্রটি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রভাব বিস্তার, ভুয়া সুপারিশপত্র তৈরি এবং বিভিন্ন ধরনের তদবিরের মাধ্যমে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করত।
তিনি জানান, তদন্তে উঠে এসেছে যে, গ্রেপ্তার ফারুক হোসেন ২০০৬ সালে তৎকালীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘সাত টিটিসি স্থাপন’ প্রকল্পে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১৪ সালে চাকরিচ্যুত হওয়ার পর চাকরি ফিরে পেতে তিনি জালিয়াতির আশ্রয় নেন। এ জন্য প্রধানমন্ত্রী, চারজন মন্ত্রী, বিভিন্ন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জাল করে একটি ফাইল প্রস্তুত করেন। ওই ফাইলে চারজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর জাল স্বাক্ষর সংযুক্ত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ‘প্রায়োরিটি’ সিলের নকল ব্যবহার করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হয়।
মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরবর্তী সময়ে চাকরিতে পুনর্বহালের চেষ্টার পাশাপাশি ফারুক হোসেন একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্র গড়ে তোলেন। চক্রটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হয়ে তদবির বাণিজ্য পরিচালনা করত। তারা শুধু জাল নথি তৈরিতেই সীমাবদ্ধ ছিল না; প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর খুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন নিয়োগ ও প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য চাপ সৃষ্টি করত। একই কৌশলে মলদোভায় জনশক্তি রপ্তানিসংক্রান্ত একটি জাল সুপারিশপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছিল।
ডিবি প্রধান জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্তের ভিত্তিতে ৪ আগস্ট মাদারীপুরের কালকিনি এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেন ও সাকিব খানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবের প্যাডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অফিসিয়াল লেটারহেড উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মীর তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কালকিনি থানা পুলিশের হেফাজতে থাকা মাসুম মুনসীকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তদন্তে জানা গেছে, মাসুম মুনসী ও তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল সিল ও স্বাক্ষর তৈরি করতেন। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য মো. বকুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে চক্রটির কাছ থেকে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির সিল ও স্বাক্ষরসম্বলিত ৪১টি সিল, প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ করা ডিজিটাল ডিভাইস ও নথি ফরেনসিক পরীক্ষার পাশাপাশি বিশ্লেষণ করে চক্রটির কার্যক্রমের পরিধি, সম্ভাব্য ভুক্তভোগী এবং অন্য সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।
মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এবং তদন্তে যদি আরও কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো