ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

আবারও (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

২০২৬ জুলাই ২৯ ১৮:৩৫:১২

আবারও (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আবারও আটকে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রবেশমুখে তাদের থামিয়ে দেওয়া হয়। এ সময় এনসিপির নেতারা সড়কে বসে পড়েন। পরে পুলিশ তাদের ঘিরে রাখে।

এর আগে বুধবার বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।

বুধবার বিকাল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বিকাল সাড়ে ৪টার দিকে চা-কন্যা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িবহর আটকে দেওয়া হয়।

মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

১৪৪ ধারা জারির পরও হবিগঞ্জে আসেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারাও ছিলেন।

জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন, “আমাদের ওপর ন্যক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছিলাম। যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ কর্মসূচি থেকে সরে এসেছি। তবে বিষয়টি আমরা জাতির সামনে তুলে ধরতে চাই। তাই বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতিকে অবহিত করব।”

হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু বলেন, “হবিগঞ্জ বরাবরই একটি শান্তিপ্রিয় শহর। আমাদের রাজনীতির ইতিহাসও রয়েছে। এ জেলার মানুষ যেমন অতিথি আপ্যায়নপ্রিয়, তেমনি বেয়াদবিও সহ্য করেন না।”

এনসিপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, “রাজনীতির সমালোচনার একটি শিষ্টাচার থাকা দরকার। এর বাইরে গিয়ে তারা দেশের কর্ণধার আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে অশালীন বক্তব্য দিয়েই চলেছেন। তারা অপরপক্ষ রাজনীতিবিদ। অল্প সময়ের মধ্যে তাদের জন্ম হয়েছে। তারা যদি অন্যান্য দলের মতো দীর্ঘ রাজনীতি করে উঠত তবে এ ধরনের অশালীন বক্তব্য দিত না।”

তিনি আরও বলেন, “হবিগঞ্জের মানুষ বরাবরই প্রতিবাদী। তাই হয়তো সহ্য করতে না পেরে মানুষ প্রতিবাদ করেছে। তবে এ ধরনের বিষয় কাম্য নয়। আমরা শুনেছি তারা আজও আবার আসবে। আমি চাই এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা তাদের স্বাগত জানাই। তবে তাদের শালীনতার ভেতর থেকে রাজনীতি করা উচিত।”

সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মঙ্গলবারের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজিবির পক্ষ থেকেও জানানো হয়েছে, জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে সবুজবাগ এলাকায় পৌঁছানোর পর একদল যুবক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের ওপর হামলা চালায়। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তারা সোনালী ব্যাংক প্রধান শাখার ভেতরে আশ্রয় নেন। তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন।

পরে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। রাত ১১টায় সারজিস আলম মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকার উদ্দেশে রওনা হন। এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। একই সঙ্গে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত