ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

কেন্দ্র সরকারের কাছে রাহুল গান্ধীর পাঁচ দফা দাবি

২০২৬ জুলাই ২২ ১০:৪৫:৩৫

কেন্দ্র সরকারের কাছে রাহুল গান্ধীর পাঁচ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করেছে বিরোধী শিবির। এ পরিস্থিতিতে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানী দিল্লিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ এবং বিরোধী নেতাদের আটকের ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিন রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করছে কেন্দ্র সরকার। নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে একই রাতে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তির আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্র সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।

ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

বিষয়টি নিয়ে সংসদের উভয় কক্ষে পূর্ণাঙ্গ আলোচনা।

শিক্ষাব্যবস্থা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্রুত সংস্কার।

রাহুল গান্ধী আরও জানান, বিরোধী জোটভুক্ত সব দল বুধবার লোকসভা ও রাজ্যসভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি জানাবে।

শিক্ষার্থী আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কেন্দ্র সরকারের প্রতি পাঁচ দফা দাবি তুলে ধরে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছে ভারতের বিরোধী শিবির।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত