×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের এক সপ্তাহও না পেরোতেই সুখবর দিলেন আমির খান

২০২৬ জুলাই ১০ ১৯:২৫:৫৫

বিয়ের এক সপ্তাহও না পেরোতেই সুখবর দিলেন আমির খান

বিনোদন ডেস্ক: বিয়ের এক সপ্তাহও না পেরোতেই নতুন সিনেমার ঘোষণা দিয়ে সুখবর দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা ও প্রযোজক আমির খান। গত রোববার (৫ জুলাই) পারিবারিক আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। এরপরই নতুন আন্তর্জাতিক প্রযোজনা উদ্যোগের খবর প্রকাশ্যে এসেছে।

তবে এটি ব্যক্তিজীবনের কোনো সুখবর নয়; বরং সিনেমাসংক্রান্ত নতুন এক উদ্যোগ। আমির খানের প্রযোজনা সংস্থা অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং কবির খান ফিল্মসের সঙ্গে যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘সিল্কইয়ারা ৪১’।

জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। পরিচালনায় থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান। এর আগে তিনি ‘বজরঙ্গি ভাইজান’, ‘৮৩’ এবং ‘এক থা টাইগার’-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া ‘সিল্কইয়ারা ৪১’-এ ২০২৩ সালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের ঘটনা তুলে ধরা হবে। টানা ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল। সে সময় উদ্ধারকর্মীদের সাহসিকতা দেশজুড়ে প্রশংসিত হয়।

নতুন এ প্রকল্প নিয়ে আমির খান বলেন, ‘মাইন্ড ব্লোয়িং ফিল্মস ও আমির খান প্রোডাকশনসের যুগান্তকারী এই সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযানের ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত, যা আমাদের সবাইকে স্পর্শ করেছে। দুই দেশের যৌথ প্রয়াসে নির্মিত এই সিনেমা আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত