×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘর কমিটি এলোমেলো ছিল: সংস্কৃতিমন্ত্রী

২০২৬ জুলাই ১০ ১৫:৫০:২৬

অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘর কমিটি এলোমেলো ছিল: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘর উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এ লক্ষ্যে নতুন কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং এ–সংক্রান্ত অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অনেক সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না এবং নির্বাচনের নামে প্রহসন চলেছে। পাশাপাশি কোটি কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে।

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী কুমিল্লা ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহার ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব আবুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত