ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সংসদে ‘ফ্রেন্ডলি গেম’ নয়, সাংবিধানিক দায়িত্ব পালন হচ্ছে: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রোনালদো ও মেসি ফুটবল খেলেন, কিন্তু বাংলাদেশের সংসদে কোনো খেলা চলছে না। এখানে সরকার ও বিরোধী দল নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালন করছে। কেউ যদি এটিকে ‘ফ্রেন্ডলি গেম’ বলে থাকেন, সেটি তার ব্যক্তিগত মতামত।
বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংসদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল গঠনমূলকভাবে একসঙ্গে কাজ করুক—এটাই তাদের প্রত্যাশা। তার ভাষায়, বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করা নয়; বরং যৌক্তিক বিষয়ে সমর্থন দেওয়া এবং প্রয়োজন হলে সরকারের সমালোচনা করা। তিনি বলেন, বিরোধী দল যদি কোনো যৌক্তিক সমালোচনা করে, সরকার তা গ্রহণ করবে। আবার দেশের স্বার্থে সহযোগিতা করলে সেটিকেও স্বাগত জানানো হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও বিরোধী দলের সম্পর্ক এমনই হওয়া উচিত। আজ যারা বিরোধী দলে রয়েছে, ভবিষ্যতে তারা সরকারে যেতে পারে, আবার বর্তমান সরকারও বিরোধী দলে যেতে পারে। তাই একটি সুস্থ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংসদে বাজেট অধিবেশনে যে সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বলে জানান তিনি।
জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং উচ্চকক্ষ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, সংবিধান সংশোধন হবে সংসদে, আর সংস্কার-সংক্রান্ত আলোচনা চলবে সংসদের বাইরে। তিনি বলেন, জুলাই সনদের অনেক বিষয় বিদ্যমান সংবিধানের সঙ্গে সম্পর্কিত। সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে, আর জুলাই সনদে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত আছে। তাই শুধু ওই ৩০টি বিষয় বাস্তবায়ন করলেই হবে না; পুরো সংবিধানের কাঠামোর মধ্যেই বিষয়গুলো বিবেচনা করতে হবে।
তিনি বলেন, সংসদ সদস্যদের সামনে তিনটি পথ রয়েছে। প্রথমটি নতুন সংবিধান প্রণয়ন, দ্বিতীয়টি বিদ্যমান সংবিধান স্থগিত রেখে নতুন ব্যবস্থা চালু করা এবং তৃতীয়টি বিদ্যমান সংবিধান সংশোধন ও সংস্কার করা। সরকার তৃতীয় পথেই এগোচ্ছে বলে জানান তিনি। অর্থাৎ সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
চিফ হুইপ আরও বলেন, সরকার ও বিরোধী দলের মূল উদ্দেশ্যের মধ্যে বড় কোনো পার্থক্য তিনি দেখেন না। প্রধানমন্ত্রীও সমাপনী বক্তব্যে বলেছেন, সংস্কার-সংক্রান্ত আলোচনা সংসদের বাইরে সব রাজনৈতিক দলকে নিয়ে চলবে, আর সংসদের ভেতরে সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সংবিধান সংশোধনের বিষয়টি সময়সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের সর্বোচ্চ আইন। তাই সবদিক বিবেচনায় নিয়ে ধীরে-সুস্থে এগোতে হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় আলোচনা চলবে। সরকার ও বিরোধী দলের মধ্যে এ বিষয়ে দূরত্ব খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা অব্যাহত থাকলে যেকোনো সময় সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
হামে শিশু মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, আগের দুই বছরে দেশে পর্যাপ্ত হামের টিকা আনা হয়নি। ফলে টিকাদান কর্মসূচিতে ঘাটতি তৈরি হয়েছে এবং বর্তমানে হামের প্রকোপ বেড়েছে।
তিনি বলেন, শিশুমৃত্যুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এটি অবহেলার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী নিজেও ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন। তার উদ্যোগে দ্রুত টিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত টিকা রয়েছে এবং সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে যেসব শিশু ইতোমধ্যে সংক্রমিত হয়েছে বা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিল, তাদের ক্ষেত্রে সেই প্রভাব এখন প্রকাশ পাচ্ছে। চলমান টিকাদান কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, আগের সরকারের সময়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে এমন আলোচনা জনমনে রয়েছে। প্রায় ১০ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগও উঠে এসেছে। এসব অভিযোগ তদন্তের আওতায় আনার কথা স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা বলেছেন।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রতি তার আহ্বান, যে কোনো অপরাধই অপরাধ। কোনো অপরাধই ছাড় দেওয়ার মতো নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর