ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রাজধানীর ১৯ মোড়ে এআই ট্রাফিক ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও বিস্তৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ঢাকার ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি জানান, এর আগে রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছিল। মঙ্গলবার আরও চারটি ইন্টারসেকশনে এ প্রযুক্তি যুক্ত হওয়ায় মোট ১৯টি স্থানে এআইভিত্তিক নজরদারি চালু হয়েছে। পাশাপাশি রাজধানীর আরও গুরুত্বপূর্ণ জংশনে পর্যায়ক্রমে এ ধরনের ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি কার্যালয়ের লেক রোডে এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা রেকর্ড করা হয়েছে। প্রতিটি অপরাধের ধরন অনুযায়ী জরিমানার পরিমাণ ভিন্ন হওয়ায় মোট কত টাকা আদায় হয়েছে, সে তথ্য ট্রাফিক বিভাগের কাছে সংরক্ষিত রয়েছে।
তিনি আরও বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে কোনো যানবাহনের ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত হলে শুধু মোবাইল ফোনে বার্তা পাঠিয়েই দায়িত্ব শেষ করা হয় না। সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় ডাকযোগে প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর থেকে এসএমএস পাঠানো হয় এবং বিষয়টি ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
গাড়ি বিক্রির পর অনেক ক্ষেত্রে মালিকানা পরিবর্তন না হওয়ায় নোটিশ আগের মালিকের কাছে পৌঁছে যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে। তবে একদিনে রাজধানীর সব সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া বাস্তবসম্মত নয়।
তিনি জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবস্থাপনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তার মতে, এ প্রযুক্তি চালুর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। চালকদের মধ্যে নির্ধারিত লেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রবণতাও আগের তুলনায় বেড়েছে।
তিনি আরও বলেন, ডাইভারসন ব্যবস্থা এবং আধুনিক সিগন্যাল লাইটের সঙ্গে এআই প্রযুক্তির সমন্বয় রাজধানীকে একটি আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তরের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। এ ধারা অব্যাহত রাখতে ট্রাফিক আইন প্রয়োগে প্রযুক্তিনির্ভর ও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লেক রোডে চালু হওয়া নতুন এআই ক্যামেরার সক্ষমতা সম্পর্কে মোসলেহ উদ্দিন আহমদ জানান, নির্ধারিত গতিসীমা অতিক্রম, ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বা আরোহী বহন, অবৈধ পার্কিং এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি-এসব ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে। এরপর ডিজিটাল পদ্ধতিতে মামলা রেকর্ড হবে, যা চালক বা যানবাহনের মালিক নির্ধারিত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে পারবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে