ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারের ১০০ দিনের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০২৬ মে ২৫ ১৯:০৪:৪৬

সরকারের ১০০ দিনের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের রাষ্ট্র পরিচালনায় দৃশ্যমান পরিবর্তন তুলে ধরেছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানেরর দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে বাংলাদেশ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়নের নতুন এক বাস্তবতায় পৌঁছেছে। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রীয় মালিকানা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ শুরু করেছে। একই সঙ্গে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তিকে আরও শক্তিশালী করার কাজও এগিয়ে চলছে।

সোমবার (২৫ মে) সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেছেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। প্রচলিত ক্ষমতার দূরত্ব কমিয়ে তিনি সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি নতুন ধারা তৈরি করেছেন। আগে অনেক মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেতেন না। এখন পরিস্থিতি বদলেছে। সাধারণ মানুষের কাছে সরকার নিজেই পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর কিংবা চলার পথে শিশুদের আবদার পূরণ এসবই মানুষের কাছাকাছি থাকার নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন।

অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। মাহদী আমিন জানান, দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে সরকার ইতোমধ্যে বহুল আলোচিত এস আলম গ্রুপ–এর ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করেছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিও সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় স্বার্থ ও মূল্যবোধের জায়গা বিবেচনায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনরায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করেছে সরকার।

সরকারের প্রথম ১০০ দিনের অর্জনের অংশ হিসেবে তিনি জানান, দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই নারীকেন্দ্রিক পরিবার কার্ড চালু করা হয়েছে। ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পরিবারের রান্নার খরচ কমাতে বিশেষ ভর্তুকির মাধ্যমে গ্যাস সহায়তা কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি আবার চালু করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। কর্মসংস্থান বাড়াতে সারা দেশে কর্মসংস্থান বিনিময়কেন্দ্র চালুর পাশাপাশি প্রায় ২ লাখ স্বতন্ত্র পেশাজীবীকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি ও অবকাঠামো নিয়েও সরকারের বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো যান চলাচল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীকে দূষণমুক্ত ও আরও বাসযোগ্য করতে ‘সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা’ পরিকল্পনার আওতায় ২৫০টি বিদ্যুৎচালিত বাস চালুর প্রস্তুতি চলছে।

একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত বছরের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া মানুষদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে নতুন আইন পাস হয়েছে। আহতদের মধ্যে শতাধিককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

আইনের শাসন নিয়ে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দিতে সরকার কাজ করছে। মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মাত্র ২৯ কার্যদিবসে মৃত্যুদণ্ডের রায় হওয়াকে তিনি বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সংসদীয় কার্যক্রম নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি জানান, দ্বাদশ সংসদের সদ্য শেষ হওয়া প্রথম অধিবেশনে স্বল্প সময়ের মধ্যে ৯৪টি বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রী সংসদীয় রীতিনীতির প্রতি সম্মান রেখে সাধারণ সদস্যদের সারিতে বসে অংশ নিয়েছেন যা রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়েছে।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য তুলে ধরে মাহদী আমিন বলেছেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, দল-মত নির্বিশেষে দেশের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি মর্যাদাশীল, শক্তিশালী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতেই সরকার কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আতিকুর রহমান রুমন, এস এ এম মাহফুজুর রহমান এবং জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্যরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঈদের আগে আবারও রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

ঈদের আগে আবারও রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপনের ঠিক আগমুহূর্তে দেশের বাজারে স্বর্ণের দাম একঝটকায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত