ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ মে ২৩ ২০:৩৪:৩৩

রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনের পক্ষে থাকলেও বর্তমান বাস্তবতায় রোহিঙ্গা সংকট অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জাতিসংঘের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারত্ব আরও জোরদার হবে।

জবাবে ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতিসংঘ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি দুই পক্ষের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে সরকারের মতামত ও পরামর্শ চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের আরও কার্যকর সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরাও বিভিন্ন মিশনে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই জাতিসংঘ এ সংকটকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। তবে এই দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য আরও বিস্তৃত আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক তহবিল প্রয়োজন। বর্তমানে কয়েকটি মানবিক প্রকল্প চলমান থাকলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বিশ্ব সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, এত বড় শরণার্থী সংকট দীর্ঘদিন একা সামাল দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সমর্থন ও চাপ প্রয়োজন।

বৈঠকের শেষদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জাতিসংঘের যেকোনো উদ্যোগে বাংলাদেশ সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত