ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

‘হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে পদে থাকার যৌক্তিকতা নেই’

২০২৬ এপ্রিল ১৭ ১৬:২৪:৫৬

‘হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে পদে থাকার যৌক্তিকতা নেই’

নিজস্ব প্রতিবেদক: হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, হজযাত্রীদের সেবার মান সরাসরি দেখতে হাজী ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই উপলক্ষে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা হজক্যাম্পে আসতে শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রী হজক্যাম্পের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উদ্বোধনী ফ্লাইটের যাবতীয় প্রস্তুতির খোঁজখবর নেন। পরিদর্শনের সময় ধর্মমন্ত্রীর সঙ্গে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের থাকা-খাওয়া ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত শোনেন ধর্মমন্ত্রী। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশে তিনি বলেন, ‘হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।’ হজযাত্রীদের সেবায় নিয়োজিত সবাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

পরিদর্শনকালে হজ ক্যাম্পে ছারপোকা এবং মশার উপদ্রব নিয়ে হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই সমস্যার সমাধানে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, ‘যা করার দরকার তাই করবো।’

শেষে তিনি জানান, হজযাত্রীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য, এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত