ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মানবপাচার ও মাদক দমনে জিরো টলারেন্স ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: মানবপাচার, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই মাঠে নামবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্যও তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশের অন্যান্য এলাকার মতো সীমান্ত উপজেলা টেকনাফেও স্মার্ট কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ১১টি উপজেলায় ডিজিটাল কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসঙ্গে জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে কক্সবাজারের টেকনাফে ১ হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের হাতে কার্ড প্রদানের উদ্বোধন করেন। পরে টেকনাফ সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষক ও কৃষাণীদের মাঝে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হয়।
টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লকের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৬৯৮ জন কার্ডপ্রাপ্ত কৃষকের মধ্যে ১ হাজার ৪৬৩ জন পুরুষ ও ২৩৫ জন নারী। পেশাভিত্তিক হিসেবে ১ হাজার ৬৮৩ জন শস্যচাষি, ১০ জন প্রাণিসম্পদ খাতের, ২ জন মৎস্যচাষি এবং ৫ জন লবণ চাষি রয়েছেন।
ভূমির মালিকানার ভিত্তিতে তালিকায় ১ হাজার ১০৬ জন প্রান্তিক কৃষক, ১২৪ জন ভূমিহীন, ৪২২ জন ক্ষুদ্র কৃষক, ৪৪ জন মাঝারি এবং ২ জন বড় কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে এই স্মার্ট কৃষক কার্ড চালু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষক এই সুবিধার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সুবিধা, ঋণ, সার ও বীজ প্রণোদনা সরাসরি পাবেন, যা কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি পলিথিন ব্যবহার কমানো, খাল খনন এবং নাগরিক কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন এবং বন্দর সচল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান চলাকালে টেকনাফে চলমান মানবপাচার ও অপহরণ পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন একটি স্মারকলিপি প্রদান করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী