ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
মন্ত্রী-এমপিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নের অংশ হিসেবে তিনি প্রশাসনের সর্বস্তরে নজরদারি জোরদার করেছেন এবং মন্ত্রী-এমপিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতোমধ্যে সরকারের প্রথম দুই মাসেই একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন ‘প্রশ্নবিদ্ধ’ কার্যক্রমের তথ্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলের সিনিয়র নেতারা বিভিন্ন কর্মসূচিতে বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল দুর্নীতিই নয় বরং যে কোনো ধরনের পেশিশক্তি বা চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর। তারা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে দেশে সুশাসন এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বছরের (২০২৫ সাল) ২৫ ডিসেম্বর শেষে দেশে ফেরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডন পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে প্রায় ১৭ বছর ৩ মাস ১৪ দিন (মোট ৬,৩০৯ দিন) অবস্থান করেন। তার দেশে ফেরার পর ২০২৬ সালের জানুয়ারিতে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দেশে ফিরে তারেক রহমান যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বা নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছিলেন, তা বাস্তবায়নে এবার কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণ নিশ্চিত করতে নিজের পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের আপোষ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। শুধু ক্ষমতায় আসাই নয়, বরং টিকে থাকতে হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে সরকার ও দলের ভেতরে নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে অনিয়মের আগেই তা প্রতিরোধ করা যায়।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসন ও দলীয় কাঠামোয় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চব্বিশের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন রাষ্ট্র ব্যবস্থার সামনে বড় প্রশ্ন ছিল ক্ষমতা কি পুরনো ধারাতেই চলবে, নাকি পরিবর্তন আসবে। অতীতের দীর্ঘ সময়ের দুর্নীতি, তদবিরবাজি ও পরিবারতন্ত্রের অভিযোগ থেকে বেরিয়ে আসাই এখন নতুন সরকারের বড় চ্যালেঞ্জ।
সূত্র জানায়, সরকারের একটি গোয়েন্দা সংস্থাকে মন্ত্রী ও এমপিদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সম্পদ, ব্যবসায়িক কার্যক্রম এবং সম্ভাব্য অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সময় পরপর প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। প্রতি দুই সপ্তাহ অন্তর এই আপডেট দেওয়ার একটি কাঠামোও চালু হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে দুইজন মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী এবং অন্তত ২৩ জন সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন ‘প্রশ্নবিদ্ধ’ কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে। ক্ষমতার অপব্যবহার রোধে টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি, পরিবারতন্ত্র ও নিয়োগ বাণিজ্যের মতো বিষয়গুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
এছাড়া সচিবালয়ে তদবিরবাজদের একটি তালিকা তৈরির পাশাপাশি তা যাচাইয়ের জন্য দ্বৈত ব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রীদের কক্ষে কারা প্রবেশ করছেন এবং তাদের অতীত কার্যক্রম কী এসব তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে নির্বাচনী এলাকায় হামলা, ব্যবসা পাইয়ে দেওয়ার নামে সুবিধা আদায়, ট্রাভেল এজেন্সি খাতে অনিয়ম এবং ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের অভিযোগ। এসব তথ্য সরকারকে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকারি কাজের গতি বাড়াতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সপ্তাহে দুইদিন দলীয় কার্যালয়ে বসার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সচিবালয়ে অপ্রয়োজনীয় ভিড় কমে।
সব মিলিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তা স্পষ্ট করতে চাইছে সরকার। ক্ষমতা যে ব্যক্তিগত সুবিধার হাতিয়ার নয় বরং একটি দায়িত্ব—এই ধারণা প্রতিষ্ঠায় নজরদারি ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রাপ্ত অভিযোগগুলোর ভিত্তিতে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনআস্থা অর্জনের চেষ্টা করছে সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার