ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আবারও গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রেস টিভি জানায়, পানামার পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘অরোরা’ পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি পেরিয়ে আরব সাগরের দিকে যাচ্ছিল। তবে কিছু দূর এগোনোর পর জাহাজটি প্রণালি অতিক্রম করতে না পেরে ফিরে গিয়ে আবার পারস্য উপসাগরে নোঙর করে।
প্রেস টিভির প্রতিবেদন প্রচারের প্রায় দুই ঘণ্টা পর গ্রিসভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিকও তাদের ওয়েবসাইটে একই তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানিয়েছে, ‘অরোরা’ বর্তমানে পারস্য উপসাগরেই অবস্থান করছে।
উল্লেখ্য, ‘অরোরা’ নামের এই ট্যাংকার জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। ইরানি তেল পরিবহনের অভিযোগে জাহাজটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
তবে হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের সরকার বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বিশ্বের মোট তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করে।
এ কারণেই হরমুজ প্রণালিকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো মূলত এই পথ ব্যবহার করেই তাদের তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে থাকে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়।
পরে টানা প্রায় ৪০ দিনের সংঘাতের পর গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই সময়সীমার মধ্যে হরমুজ প্রণালির অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান।
তবে বুধবার লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে— তারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখবে, নাকি ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়াবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ