ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি সংকট, নগরীর তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার চাহিদাকে সামনে রেখে দেশের কিছু নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে হাইব্রিড পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, এ উদ্যোগটি সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে যেমন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। এর মাধ্যমে জ্বালানি সাশ্রয়, যানজট হ্রাস এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠ কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।
বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিহাসে প্রতিটি সংকটই নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে সুযোগ হিসেবে গ্রহণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। অতীতের বিশ্বযুদ্ধ, প্রযুক্তিগত অগ্রগতি ও সামাজিক পরিবর্তনের মতো ঘটনাগুলো নতুন শিল্প ও সম্ভাবনা তৈরি করেছে। বর্তমান জ্বালানি সংকট ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকেও নতুনভাবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর এবং অনেকাংশে পেপারলেস। সংসদ থেকে শুরু করে শ্রেণিকক্ষ সব জায়গায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে। শিক্ষার্থীদের সেই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে প্রস্তুত করতে হবে।
জ্বালানি সাশ্রয় ও যানজট কমাতে নির্দিষ্ট সক্ষমতাসম্পন্ন স্কুলগুলোতে পরীক্ষামূলকভাবে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, সপ্তাহজুড়ে কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমানো গেলে ট্রাফিক চাপ ও জ্বালানি ব্যবহারও হ্রাস পাবে, পাশাপাশি পাঠক্রমও অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, রাজধানীতে অনেক শিক্ষার্থী ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে, যা যানজট ও জ্বালানির অপচয় বাড়ায়। করোনা মহামারির সময় হঠাৎ করে অনলাইন শিক্ষায় যেতে হয়েছিল, তবে ভবিষ্যতের জন্য আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।
শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যকর করতে প্রশিক্ষণ ও তদারকি বাড়াতে হবে এবং শিক্ষার্থীরা যেন মনোযোগ ধরে রাখতে পারে, সেদিকেও নজর দিতে হবে। সরকার ইতোমধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন এয়ার কন্ডিশনের তাপমাত্রা নির্ধারণ ও অফিস সময়সূচি সমন্বয়। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নমনীয় শিক্ষা ব্যবস্থা ছাড়া ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তাই সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে এই পরিবর্তন বাস্তবায়ন করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা
- ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ইরানের ভেতরে আটকা মার্কিন ক্রু, উদ্ধার অভিযানে তুমুল লড়াই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)