ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

২০২৬ এপ্রিল ০৬ ১০:২১:৩১

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। নতুন সরকার গঠনের পর তার এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।

ব্রিটিশ হাইকমিশনের তথ্যমতে, ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সফর। এই সফরে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

সফরকালে ব্যারোনেস উইন্টারটন বিভিন্ন মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া বাংলাদেশে কার্যরত যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। তার সফরের অন্যতম উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির নতুন সুযোগগুলো চিহ্নিত করা।

সফরের অংশ হিসেবে ব্যারোনেস উইন্টারটন এমন কয়েকটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যারা যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিটিসিএস) সুবিধার আওতায় পণ্য রপ্তানি করছে। এই স্কিমের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে শুল্কমুক্ত বাজার সুবিধা, সহজ রপ্তানি নিয়ম এবং পণ্য বৈচিত্র্য বাড়ানোর সুযোগ দেওয়া হয়।

ডিটিসিএস কর্মসূচির আওতায় বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বড় সুবিধাভোগী দেশগুলোর একটি। এই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ প্রতিযোগিতামূলক দামে পণ্য রপ্তানি করতে পারছে এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

সফর সম্পর্কে ব্যারোনেস উইন্টারটন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নতুন সম্ভাবনা খুঁজে বের করে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়ানোর আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও আশা প্রকাশ করেছেন, এই সফর দুই দেশের বিদ্যমান অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার এবং দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার হিসেবে কাজ করছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত