ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল ও টেকসই করতে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেখানে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি সংলাপের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
তারেক রহমান-এর সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিদের সরকারি উচ্চপর্যায়ে সরাসরি মতামত প্রদানের সুযোগ করে দেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগ পরিবেশ, প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ অগ্রাধিকার বিষয়ে ব্যবসায়ীরা কাঠামোবদ্ধ প্রস্তাব উপস্থাপন করতে পারবেন।
প্রধানমন্ত্রীর মনোনীত এই পরিষদের সদস্যরা হলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
পরিষদের সদস্যদের পাশাপাশি সভায় আরও উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী; ইকবাল হাসান মাহমুদ; খন্দকার আব্দুল মুক্তাদির; অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বিডার বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেন এবং পরে উন্মুক্ত আলোচনায় পরিষদের সদস্যরা অংশ নেন। আলোচনায় নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এ উদ্যোগকে সদস্যরা স্বাগত জানান।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিষদ বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে, যেখানে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী পরিষদকে আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে তথ্যভিত্তিক সুপারিশ দেওয়ার পরামর্শ দেন, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সমন্বয়কারী সংস্থা হিসেবে এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বেসরকারি খাতের মতামত নিয়মিতভাবে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই পরিষদ গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশের বিনিয়োগ ও সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ: নেপালের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন কবে, কোথায় খেলা
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
- স্বামীর ছবি শেয়ার করলেন সিমরিন লুবাবা