ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

নতুন অ্যালবাম নিয়ে ফিরল বিটিএস, কাল সিউলে বিশাল কনসার্ট

২০২৬ মার্চ ২০ ১৯:৪১:০০

নতুন অ্যালবাম নিয়ে ফিরল বিটিএস, কাল সিউলে বিশাল কনসার্ট

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসংগীতের মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস-এর।

শুক্রবার (২০ মার্চ) মুক্তি পেয়েছে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’। ব্যান্ডের সকল সদস্যের সামরিক বাহিনীর বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে এটিই তাদের প্রথম পূর্ণাঙ্গ দলীয় কাজ।

কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসংগীতের নামানুসারে অ্যালবামের নাম রাখা হয়েছে ‘আরিরাং’। এতে মোট ১৪টি গান রয়েছে। বিনোদন সাময়িকী 'বিলবোর্ড' এই অ্যালবামটিকে ব্যান্ডের সদস্যদের পক্ষ থেকে তাদের মাতৃভূমির প্রতি একটি ‘প্রেমপত্র’ হিসেবে বর্ণনা করেছে। অ্যালবামের গানগুলোতে মূলত ব্যান্ডের সদস্যদের নিজস্ব পরিচয়, শেকড় এবং সংগ্রামের প্রতিফলন ঘটেছে।

অ্যালবাম মুক্তির প্রাক্কালে বিটিএস সদস্য জিমিন বলেন, “আমাদের সংগীত ও পারফরম্যান্সের মাধ্যমে কীভাবে নিজেদের পরিচয় এবং সত্যতাকে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে আমরা গভীরভাবে ভেবেছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সম্পূর্ণ কোরিয়ান সদস্যদের সমন্বয়ে গঠিত এই ব্যান্ডের পেছনের তাৎপর্য এবং আমাদের প্রেক্ষাপটকেও পুনরায় মূল্যায়ন করেছি।”

নতুন এই অ্যালবামের গানগুলো নিয়ে শনিবার সিউলের ঐতিহাসিক গিয়াংওয়ামুন স্কয়ারে একটি বিশাল ওপেন-এয়ার কনসার্টে পারফর্ম করবে দলটি। এই কনসার্টকে ঘিরে সিউলে এখন উৎসবের আমেজ। ধারণা করা হচ্ছে, প্রায় ২ লাখ ৬০ হাজার ভক্ত সরাসরি এই আয়োজনে যোগ দেবেন। এই ইভেন্টের কারণে সিউলের অধিকাংশ হোটেল ইতোমধ্যে বুক হয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সিউলে ভিড় জমাচ্ছেন।

ফিলিপাইন থেকে আসা দুই ভক্ত মারা ক্রিস্টিয়া ইয়াও এবং রোডেসা এরিকা বোনন বার্তা সংস্থা এএফপি-কে জানান, তারা কনসার্টের টিকিট না পেলেও প্রিয় আইডলদের কাছাকাছি থাকতে সিউলে এসেছেন। ইয়াও বলেন, “আমরা টিকিট না পেলেও এই এলাকাতেই থাকব। কাল ঠিক কোথায় দাঁড়ালে তাদের একবার দেখা যেতে পারে, সেই পরিকল্পনা করছি।”

সরাসরি মাঠে উপস্থিত হতে না পারা কোটি কোটি ভক্তদের জন্য সুখবর হলো, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রায় ১৯০টি দেশে এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া এই অ্যালবামের প্রচারণায় আগামী এপ্রিল মাস থেকে বিটিএস তিন মাসব্যাপী একটি ‘ওয়ার্ল্ড ট্যুর’ বা বিশ্ব ভ্রমণে বের হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত