ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ঈদযাত্রায় অনিয়মের সাথে কোনো আপস নয়: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে একগুচ্ছ কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যাত্রী হয়রানি বা সড়কে কোনো ধরণের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলী বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি পুলিশের এই অনড় অবস্থানের কথা জানান।
আইজিপি বলেন, সাধারণ মানুষের ঈদ আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য পুলিশের সকল ইউনিটকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।’ প্রতিবছর ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার যে ভোগান্তি হয়, তা কমিয়ে আনতে এবার বিশেষ সমন্বয় সভা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি জানান।
সড়ক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার জন্য চালক ও হেলপারদের খামখেয়ালিকে দায়ী করে আলী হোসেন ফকির বলেন, ‘অনেক চালক-হেলপার ট্রাফিক আইনটাও জানে না বা মেনে চলে না। সড়কে মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পেছনে গাড়িগুলো যানজট লাগছে। একটু কমনসেন্সটা যদি তারা এপ্লাই করে তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।’ তিনি জানান, যানজটপ্রবণ বাজার ও মোড়গুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করছে পুলিশ।
বাস টার্মিনাল এলাকার বাড়তি নিরাপত্তা নিয়ে আইজিপি বলেন, টার্মিনালগুলোতে মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা থাকে, তাই নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এটাকে নেগেটিভভাবে নিচ্ছেন কেন? পজিটিভ চিন্তা করেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত।’ এছাড়া ঢাকা শহরের অভ্যন্তরে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, ‘আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো।’
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে নাগরিকদের অসচেতনতাকে দুঃখজনক বলে আখ্যা দেন পুলিশ প্রধান। যাত্রীদের আইনি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানবো না। প্রচলিত আইন জানা এটাও আমাদের দায়িত্ব।’
টার্মিনাল পরিদর্শনকালে আইজিপির সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাস মালিক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও প্রশাসনের এই যৌথ তৎপরতা ঈদযাত্রার শেষ পর্যন্ত বহাল থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী