ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান

২০২৬ মার্চ ১৬ ১১:১৯:৪৭

হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়নি জাপান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে সেখানে নৌবাহিনী পাঠানোর আহ্বান জানালেও টোকিও স্পষ্ট করেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তাদের নেই।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ পাহারা দেওয়ার জন্য জাপানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি আইনি ও কৌশলগত দিক থেকে পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন করা হবে।

পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি তিনি মিত্র কয়েকটি দেশকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান। ট্রাম্পের আহ্বান পাওয়া দেশগুলোর মধ্যে ছিল চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব দেশকে নিজেদের জ্বালানি সরবরাহের স্বার্থে ওই অঞ্চলের নিরাপত্তায় ভূমিকা রাখা উচিত।

ট্রাম্পের এই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানায় জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর। সেখানে বলা হয়, হরমুজ প্রণালীতে নিরাপত্তা জাহাজ পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং জাপান আইনি কাঠামোর মধ্যে থেকে কী পদক্ষেপ নেওয়া সম্ভব তা বিবেচনা করছে।

এ বিষয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিও একই ধরনের অবস্থান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জাপানের কী করা উচিত, সে বিষয়ে সরকার সতর্কভাবে বিষয়টি পর্যালোচনা করছে।

ট্রাম্পের প্রস্তাবের পর প্রথম দেশ হিসেবে জাপানই প্রকাশ্যে এ উদ্যোগে অংশ না নেওয়ার ইঙ্গিত দিল। তবে আহ্বান পাওয়া অন্য দেশগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত