ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জ্বালানি সংকট মোকাবিলায় ডিসিদের ৯ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং তেলের কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসকদের (ডিসি) ওপর ৯ দফা বিশেষ দায়িত্ব অর্পণ করেছে সরকার। তেলের অবৈধ মজুতদারি বন্ধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় সভাপতিত্বকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই একগুচ্ছ নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে প্রতিটি জেলায় প্রতিদিন ডিপোর ‘প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই’ করে নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে। ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানির সরবরাহ ঠিকমতো হচ্ছে কি না, তা নিশ্চিত করার পাশাপাশি তেলের পাচার রোধেও ডিসিদের সক্রিয় ভূমিকা রাখতে বলা হয়েছে। যদি কোনো পেট্রল পাম্প আকস্মিক বন্ধ হয়ে যায়, তবে তার সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে এবং ডিপোর সরবরাহের সাথে পাম্পের মজুত মিলিয়ে দেখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই মহাপরিকল্পনায় সাধারণ মানুষের সুবিধাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের কষ্ট যেন না বাড়ে বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাচ্ছে।’ তিনি অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তেলের অবৈধ মজুত গড়ে তুলবে বা বেশি দামে তেল বিক্রি করবে, তাদের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ নিশ্চিত করা হবে। এই কাজে জেলা পর্যায়ে নজরদারি আরও বাড়ানোর জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
কেবল জ্বালানি তেল নয়, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতেও ডিসিদের মাধ্যমে কিছু সুনির্দিষ্ট নিয়ম বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী। বৈশ্বিক এই ক্রান্তিলগ্নে বিপণিবিতান বা বাণিজ্যিক স্থাপনায় সব ধরণের ‘আলোকসজ্জা পরিহার’ করতে হবে। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি বা তার বেশি রাখতে হবে এবং দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো জ্বালিয়ে রাখা যাবে না। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনাগুলো অত্যন্ত কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সকল জেলার ডিসিরা অনলাইনে যুক্ত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সাথেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নেতারা সরকারকে আশ্বস্ত করেছেন যে, তারা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করবেন। প্রতিমন্ত্রী বিশ্বাস করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই জ্বালানি সংকট দূর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা